নরকযন্ত্রণা সইছে শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচিত লোক দেখলেই আঁতকে উঠছে শিশুটি। চোখে-মুখে আতঙ্ক আর যন্ত্রণার ছাপ। অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারে না। বয়স মাত্র ১০। এ বয়সেই পাশবিকতার শিকার হয়ে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তার। অথচ বছরের শুরুতেই নতুন বই হাতে বিদ্যালয়ে ছুটে যাওয়ার কথা ছিল শিশুটির।
বগুড়ার ধুনট উপজেলার এই শিশুটিকে গত ২৬ নভেম্বর স্থানীয় এক কলেজছাত্র ধর্ষণ করে। ওই ঘটনায় মামলা হওয়ার পর দুই মাস পরও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উপরন্তু গ্রাম্য মাতব্বরেরা সালিস করে ওই ছাত্রের পরিবারের কাছ থেকে টাকা নিয়ে বিষয়টি মীমাংসা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধুনটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনা কোনোক্রমেই আপসযোগ্য নয়।
২৬ নভেম্বর বেলা দুইটার দিকে চরনাটাবাড়ী গ্রামের নুরু মোল্লার ছেলে ধুনট ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শামীম হোসেন টমেটো তোলার কথা বলে খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে সে সেখান থেকে চলে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকেরা শিশুটির শরীরে দুই দফা অস্ত্রোপচার করেছেন।
এ ঘটনায় শিশুটির এক মামা বাদী হয়ে শামীম হোসেনের বিরুদ্ধে ২৬ নভেম্বর রাতেই ধুনট থানায় মামলা করেছেন। ঘটনার পর গ্রামের কয়েকজন মাতব্বর আড়াই লাখ টাকার প্রলোভন দেখিয়ে বিষয়টি মীমাংসার জন্য বাদীপক্ষের ওপর চাপ সৃষ্টি করছেন। ৫ জানুয়ারি মেয়ের মামার বাড়িতে গোসাইবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালামের নেতৃত্বে সালিস বৈঠক বসে। এতে শিশুটির পরিবারকে আড়াই লাখ টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত দেওয়া হয়। এর মধ্যে ছেলের বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করে নজরুল মুন্সি নামের এক ব্যক্তির কাছে জমা দেওয়া হয়েছে। বাকি দুই লাখ টাকা মামলার কাজে ব্যয় করা হবে বলে বাদীপক্ষ ছাড়াই মাতব্বরেরা সিদ্ধান্ত দিয়েছেন।
ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুস সালাম জানান, শিশুটির মা-বাবা বুদ্ধিপ্রতিবন্ধী। তাই তাঁরা শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলের বাবার কাছ থেকে আড়াই লাখ টাকা আনার সিদ্ধান্ত দিয়েছেন। এর মধ্যে ৫০ হাজার টাকা নিয়ে নজরুল মুন্সির কাছে জমা রাখা হয়েছে। বাকি টাকা মামলা মীমাংসার পর দেওয়া হবে।
মামলার বাদী অভিযোগ করেন, ‘গ্রামের মাতব্বরেরা আমাকে মামলা মীমাংসা করার কথা বলছে। এ কারণে আমরাও মীমাংসায় রাজি হয়েছি। মামলা মীমাংসা না হওয়া পর্যন্ত তারা আমাদের কোন টাকা দেবে না।’
শামীমের বাবা নুরু মুন্সি বলেন, ‘ছেলে দোষ করেছে। এ কারণে বিষয়টি গ্রামের মানুষের কাছে ছেড়ে দিয়েছি। তারা যা করে আমি তাই মানতে রাজি হয়েছি।’ নজরুল মুন্সি বলেন, ‘ঘটনাটি মীমাংসা করা হয়েছে। তবে আমার কাছে কোনো টাকা দেওয়া হয়নি। তারা মিথ্যা বলছে।’
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) রামপদ সূত্রধর বলেন, শরীরের ভেতরে ক্ষত আছে এটা সারতে সময় লাগবে। কোনো শিশু পাশবিক নির্যাতনের শিকার হলে মনের ওপর প্রভাব পড়ে। এ কারণে তাকে মানসিক চিকিৎসা দিতে হবে। মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হজরত আলী বলেন, মামলার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অনেক স্থানে অভিযান চালানো হয়েছে।