নরনিয়ার ও ভুতিয়ার বিলে জলাবদ্ধতা, দুর্ভোগে কৃষক
খুলনার রূপসা উপজেলার নরনিয়ার বিল ও তেরখাদা উপজেলার ভুতিয়ার বিলে ছয় বছর ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিলসংলগ্ন আঠারোবাঁকী নদী শুকিয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। এ কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকার কৃষকেরা জানান।জলাবদ্ধতায় বিল দুটির প্রায় ৩৩ হাজার হেক্টর জমিতে ফসল করা যাচ্ছে না। এতে এলাকার প্রায় দেড় লাখ কৃষক পরিবার মানবেতর জীবন যাপন করছে।তেরখাদা ও রূপসা ভূমি অফিস সূত্রে জানা যায়, নরনিয়ার বিলে প্রায় ৫০ হাজার ও ভুতিয়ার বিলে রয়েছে প্রায় ৩০ হাজার একর জমি।বিল দুটি ঘুরে দেখা গেছে, চারপাশের জমিতে পানি আর পানি। এ সময় এলাকার কয়েকজন কৃষক জানান, বর্ষার সময় বিলের পানি প্রকৃতিক নিয়মে নদী দিয়ে সরে যেত। কিন্তু নদী শুকিয়ে যাওয়ায় পানি আর সরতে পারছে না। এ পানি জমে থাকায় বিল দুটিতে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।কৃষকেরা অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ড দীর্ঘ দিন ধরে খনন না করায় নদীতে চর পড়ে গেছে। এ নদী দিয়ে পানি সরছে না।তেরখাদা মাটিরকুল গ্রামের মো. রহিম (৭০) বলেন, ‘একসময় আঠারোবাঁকী নদী দিয়ে খুলনা-ঢাকা ও খুলনা-বরিশাল পথে বড় লঞ্চ চলত। আজ সেই নদীটি মৃতপ্রায়। এতে বিলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ভুতিয়ার বিলের প্রায় ৭০-৮০ হাজার কৃষক এখন অত্যন্ত কষ্টে জীবন যাপন করছেন।’ বলরধনা মোড়ের সুশীল মল্লিক (৮৫) বলেন, ‘আঠারোবাঁকী নদী শুকিয়ে যাওয়ায় আমাদের বিলের পানি সরতেছে না। ফলে এ জলাবদ্ধতা।’ তেরখাদার রহিমা খাতুন (৪৫) বলেন, ‘আগে ধানপান হতো। এহন কিছু হয় না। পেটের দায়ে মানসির বাড়ি কাজ করি।’ রূপসা উপজেলার ডোবা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুরদাস বিশ্বাস (৫০) বলেন, ‘আমাদের বিলে প্রায় ৮০-৯০ হাজার কৃষক রয়েছে। আঠারোবাঁকী নদী শুকিয়ে যাওয়ায় বড়জ্বালা, ডোব, গোয়াডা, চাঁদপুর, বামনডাঙ্গা এই খালগুলো পলি মাটিতে ভরাট হয়ে গেছে। জোয়ারের পানি আসে। কিন্তু সে পানি বের হতে পারে না। এ কারণে এ জলাবদ্ধতা।’রূপসা উপজেলার ডোবা গ্রামের ভক্তি রানী বিশ্বাস (৪০) বলেন, ‘এই বিলি আমাগের দুই বিঘে জমি আছে। আমার স্বামী তা চাষা-বাদ করত। এহন পরের জমিতি কাজ কইরে পেট চালাই।’ রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা সত্যব্রত নাগ প্রথম আলোকে বলেন, ‘বিলগুলো থেকে পানি সরতে পারছে না। এতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আঠারোবাঁকী নদীকে খনন করে তাতে উজানের পানি আসা-যাওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ এই নদী শুধু পলি বয়ে আনে। কিন্তু তা আর ফিরে যায় না। এ কারণে এই জলাবদ্ধতা। এভাবে চলতে থাকলে আগামী পাঁচ-ছয় বছরের মধ্যে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে কোনো ফসল হবে না। সব তলিয়ে যাবে।’খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুর রব হাওলাদার বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি মহা পরিকল্পনা নেওয়া হচ্ছে এ কাজের জন্য। আমরা ভুতিয়ার বিল ও আঠারোবাঁকী নদী নিয়ে একটি জরিপ করছি। এই প্রতিবেদন জমা হলে, বলতে পারব কীভাবে কাজ করা হবে।’