নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় নিহত ১০
নরসিংদী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নারী, কলেজছাত্রসহ ১০ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। আমাদের আঞ্চলিক প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকেরা জানান:নরসিংদীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে জেলার ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, নরসিংদী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও নরসিংদী পৌর এলাকার বানিয়াছল মহল্লার আলতাফ হোসেনের ছেলে শামীম আহমেঞ্চদ (১৮), রায়পুরা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য শামসুল হক (৪০) ও পুবেরচর গ্রামের হারুন মিয়ার ছেলে রাজিব মিয়া (১৭)। আহতদের মধ্যে শ্যামল সূত্রধর, তাঁর স্ত্রী সুমা সূত্রধর ও টিটু মিয়া নামের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত বাকিদের নরসিংদী জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব থেকে ঢাকাগামী বাদশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কটির মরজাল এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এরপর বিক্ষুব্ধ গ্রামবাসী প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখলে রায়পুরা থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।কুমিল্লার বুড়িচং, চান্দিনা ও বরুড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজনসহ পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকাল পৌনে আটটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নের রামপাল এলাকায় একটি কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের মৃত শওকত আলীর ছেলে আবু নাসের (২৩), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ডোবাচাল গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী খুকী বেগম (৪০) ও তাঁর ছেলে সুজন (২০)। আহত হয়েছেন আরও দুজন। এঁদের মধ্যে একজন সিএনজিচালক। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) তপন চন্দ্র দাস বলেন, লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে। জেলা পুলিশের নিয়ন্ত্রণ শাখা আরও জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাঁড়িখোলা এলাকায় সকাল সাতটায় সড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা এক পথচারী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। বেলা দুইটার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের বরুড়া উপজেলার বাঁশপুর এলাকায় নিজ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন মো. আবুল কাশেম নামের এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর গাড়িচালক। নিহত আবুল কাশেমের বাড়ি বরুড়ার লক্ষ্মীপুর গ্রামে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুদন্তি ইউনিয়নের খাতাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। বিজয়নগরের ইসলামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, বিকেল পাঁচটার দিকে একটি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। আহত তিনজনকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা কোনো বিয়ের বাজার করে ফিরছিলেন।