নরসিংদী-আড়াইহাজারে ডাকাতের আতঙ্ক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ও পার্শ্ববর্তী জেলা নরসিংদীর বিভিন্ন উপজেলা এবং ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় ডাকাতের আতঙ্ক কেড়ে নিয়েছে এলাকাবাসীর স্বস্তি। আঁধার ঘনালেই এলাকাবাসী সচেতন হয়ে ওঠেন—মসজিদের মাইক কাজ করছে কি না, ঘরে রাখা দেশীয় হাতিয়ার হাতের কাছে আছে তো? স্বেচ্ছাপাহারায় অংশ নেওয়া যুবকেরা প্রস্তুত কি না ইত্যাদি নিয়ে। এলাকাবাসী জানালেন, সংঘবদ্ধ ডাকাতদের প্রতিরোধ করতেই এসব প্রস্তুতি। কারণ প্রায় প্রতি রাতেই ওই অঞ্চলের কোনো না কোনো গ্রামে ডাকাতি হচ্ছে।এলাকাবাসীর হিসাবে আড়াইহাজার উপজেলায় এক মাসের ব্যবধানে কমপক্ষে ৪০ থেকে ৪৫টি ডাকাতি হয়েছে। নরসিংদীতে হয়েছে আট থেকে ১০টি। মহাসড়কে এক মাসে কয়টি বাসে ডাকাতি হয়েছে তার সঠিক পরিসংখ্যান জানা যায়নি। তবে ডাকাতি নিয়ন্ত্রণে পুলিশও ব্যতিব্যস্ত বলে জানা গেছে। পুলিশের খাতায় ওই এলাকার মহাসড়ক ও আঞ্চলিক সড়ক ডাকাতিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আড়াইহাজার উপজেলার সদর ইউনিয়ন, হাইজাদি, উচিতপুরা, ব্রাহ্মন্দি, ফতেহপুর, মাহমুদপুর, সাতগ্রাম, যোগতারা, বিষনন্দী, সতাসাদি, খাতকান্দা ডাকাতিপ্রবণ ইউনিয়ন হিসেবে পরিচিত। একমাত্র কালাপাহাড়িয়া ইউনিয়নে ডাকাতদের উৎপাত কম । এটি মেঘনা নদীবেষ্টিত। ডাকাতিকালে পালানো কষ্টকর বলে এখানে ডাকাতের হানা কম।গ্রামবাসীর দেওয়া তথ্যমতে, ৫ ফেব্রুয়ারি আড়াইহাজারের বীনারচর গ্রামের পনির হোসেনের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা পরিবারটির সর্বস্ব লুটে নেয়। ৬ ফেব্রুয়ারি রাতে ডাকাত দল হানা দেয় নরসিংদীর পলাশ উপজেলার পারুলিয়া গ্রামের বেসরকারি প্রতিষ্ঠান আশার শাখা কার্যালয়ে। একই রাতে ডাকাতি হয় একই গ্রামের রুপচান মিয়ার বাড়িতে। এ ছাড়া ২ ফেব্রুয়ারি নরসিংদী সদর উপজেলার চৌদ্দপাইকা ও খিলগাঁও গ্রামের পাঁচ বাড়িতে ডাকাতি হয়। জানুয়ারি মাসেও এসব এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতি প্রতিরোধে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করছেন আড়াইহাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান। তিনি বললেন, ‘ডাকাতি প্রতিরোধে স্থানীয় উদ্যোগে পাহারার ব্যবস্থা করলেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এ অবস্থায় করনীয় ঠিক করতে বিষনন্দী ইউনিয়নে গত সপ্তাহে সভা হয়েছে।’ আড়াইহাজার উপজেলার উচিতপুর গ্রামের এক সুতা ব্যবসায়ী জানালেন, ‘ডাকাতদের রক্ষা করতে এলাকায় গড়ে উঠেছে একটি প্রভাবশালী চক্র। তাদের ভয়ে কেউ থানা পর্যন্ত যেতে পারে না।’এ ধরনের পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী অনেক সময় সহিংস হয়ে ওঠে। সম্প্রতি আড়াইহাজারের বীনারচর গ্রামের পনির হোসেনের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় জনতার প্রতিরোধে নরসিংদী এলাকায় গণপিটুনিতে সন্দেহভাজন পাঁচ ডাকাত মারা যায়। কিছুদিন আগে একইভাবে জনতার রোষানলে মারা যায় আরেক ডাকাত। ডাকাতদের কাছ থেকেও একই হিংস্রতা লক্ষ করা গেছে। গত ১৫ জানুয়ারি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ১০ জন সদস্য নিহত হওয়ার সঙ্গে ডাকাত দল জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। তদন্ত প্রতিবেদনে এমন ধারণার কথা উল্লেখ করা হয়েছে।নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, আড়াইহাজার উপজেলার অর্থনীতি তাঁতশিল্প-নির্ভর। এই শিল্প এ অঞ্চলের মানুষের সমৃদ্ধি এনে দিয়েছে। সম্প্রতি ডাকাতি বেড়ে যাওয়ার পেছনের কারণটিও এই শিল্পের সঙ্গে যুক্ত। ইদানীং সুতার দাম বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে ছোট-বড় তাঁতকল। শ্রমিকেরা গণহারে বেকার হচ্ছেন। বেকার জনগোষ্ঠীর একটি অংশ ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাঁতকলের চাকা সচল হলে ডাকাতিও কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। নারায়ণগঞ্জের পুলিশ সুপারের বক্তব্যের সঙ্গে অনেকটা একমত হয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, ডাকাতি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ৫০ কিলোমিটারের মধ্যে আটটি তল্লাশি চৌকি বসানো হয়েছে। গ্রামের সড়কগুলোতে বাড়ানো হয়েছে টহল।