নরসিংদী ও কুমিল্লায় খুনের দায়ে ছয়জনের মৃত্যুদণ্ড
নরসিংদীর মনোহরদী উপজেলার চাঞ্চল্যকর মোস্তফা কামাল হত্যা মামলার চার আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম আবুল কাশেম এ রায় দেন। এ ছাড়া কুমিল্লার মারফত আলী হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।নরসিংদীতে সাজা পাওয়া আসামিরা হলেন মনোহরদীর হাররদিয়া গ্রামের রুবেল মিয়া, আলী হোসেন, জহিরুল ইসলাম ও নাটোর সদর উপজেলার গৌরীপুর গ্রামের মো. শাহ আলম। এ ছাড়া দণ্ড পাওয়া প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৭ মে রাতে মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হাররদিয়া গ্রামের মোস্তফাকে কৌশলে উপজেলার নারান্দি কেছারা বিলের সেতুর নিচে ডেকে নেন। পরে তাঁকে হত্যার পর আসামিরা পালিয়ে যায়। ঘটনার তিন দিন পর পুলিশ ওই সেতুর কাছ থেকে মোস্তফার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় মোস্তফার মামা আবু সাইদ হত্যা মামলা করেন। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল রায় ঘোষণা করেন আদালত।কুমিল্লায় মারফত আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের আনু মিয়া ও জাকির হোসেন। অপর দুই আসামি মন্টু মিয়া ও আবুল কাশেমকে খালাস দেওয়া হয়েছে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নরসিংদীর বেলাব উপজেলার মেরাতলী গ্রামের মারফত আলী কামাল্লা বাজারে কাঠমিস্ত্রির কাজ করতেন। ২০০৪ সালের ৮ সেপ্টেম্বর ৩০ হাজার টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময় কামাল্লা গ্রামে তিনি খুন হন। এরপর তাঁর লাশ ওই গ্রামের একটি ডোবায় কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় মারফত আলীর বাবা জয়নাল আবেদীন মুরাদনগর থানায় ওই চার ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ২০ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত ওই রায় দেন।