নরসিংদী ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গতকাল মঙ্গলবার ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। নরসিংদী: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদর উপজেলার দগরিয়া এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে সকাল সাড়ে সাতটার দিকে ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের যাত্রী আবদুল আলিম (৪০), দেলোয়ার হোসেন (৩৫) ও অজ্ঞাত পরিচয় (২৫) এক ব্যক্তি নিহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে আপেল মাহমুদ (২৮) নামের অপর এক যাত্রী মারা যান। পরে সদর হাসপাতালে পিকআপ ভ্যানের চালক সুমন মিয়ার (২৫) মৃত্যু হয়। এ ছাড়া এ ঘটনায় আরও ১০ যাত্রী আহত হয়েছেন। তাঁদের নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়কে ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুজনকে আটক করা হয়। মৌলভীবাজার: এলাকাবাসী ও পুলিশ জানায়, জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর চা-বাগান এলাকায় সকাল নয়টার দিকে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে যায়। এতে চালকের সহকারী কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের নিজাম উদ্দীনের ছেলে রাসেল মিয়া (১৫) বাসের নিচে চাপা পড়ে মারা যায়। বেলা দুইটার দিকে বাসের নিচ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের কমলগঞ্জের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন (সিডিএফ) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এদিকে উপজেলার মীরশংকর গ্রামে গত সোমবার সন্ধ্যায় একটি কাঠবোঝাই ট্রলি এমদাদুল হক (৫) নামের এক শিশুকে ধাক্কা দেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ সময় এলাকাবাসী ট্রলিচালক বাবুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। এমদাদুল ওই গ্রামের সৌদিপ্রবাসী কামাল হোসেনের ছেলে।