নরসিংদী ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের নরসিংদী জেলা কমিটিসহ উপজেলা, পৌর ও কলেজ পর্যায়ের ১৯টি কমিটি ভেঙে দেওয়া হয়েছে। গত রোববার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এ ঘোষণা দেয়। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্তে স্থানীয় কমিটির নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অল্প কয়েকজন নেতা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মেনে নিলেও অধিকাংশ নেতাই এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত ২৭ মে নরসিংদীতে কর্মিসভা হয়েছে। যেখানে কর্মিসভা হবে, সেখানে জেলা কমিটি স্বাভাবিকভাবেই বিলুপ্ত হয়ে যাবে। আর জেলা কমিটি বিলুপ্ত হলে জেলার অন্যান্য কমিটিও বিলুপ্ত করতে হবে। তবে ছাত্রদলের সভাপতির এ বক্তব্যের সঙ্গে বিলুপ্ত কমিটিগুলোর বেশির ভাগ নেতাই একমত হতে পারেননি। নরসিংদী জেলা কমিটির সভাপতি সফিকুল ইসলাম বলেন, কর্মিসভা হলেই ধরে নিতে হবে কমিটি ভেঙে গেছে—এমন কথা ছাত্রদলের গঠনতন্ত্রের কোথাও উল্লেখ নেই। তিনি বলেন, ‘কমিটি ভেঙে দিয়ে কেন্দ্রীয় কমিটি আমাদের অসম্মানজনকভাবে বিদায় দিতে চেয়েছে।’তবে যুগ্ম সম্পাদক শাহরিয়ার শামসের মতে, কেন্দ্র যা করে, দলের ভালোর জন্যই করে। তাই কেন্দ্রের সিদ্ধান্ত সবার মেনে নেওয়া উচিত।শহর কমিটির সভাপতি মাহমুদুল হোসেন চৌধুরী বলেন, এ সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়বে রাজনীতিতে।কলেজ শাখার সভাপতি বিল্লাল হোসেন বলেন, ‘কলেজ পর্যায়ে দলীয় সব কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করে এলেও কেন আমরা বিরাগভাজন হলাম, তার কারণ খুঁজে পাচ্ছি না।’