নরসিংদী-টেকনাফে দুই লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী ও কক্সবাজারের টেকনাফ থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ও আজ সোমবার ভোরে ওই লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন নরসিংদীর রহিম বাদশা (৩০) ও টেকনাফের জালাল উদ্দিন (২৭)।


নরসিংদী: আজ ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের দত্তপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে রহিম বাদশা নামের যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত হওয়া ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রহিম দত্তপাড়া এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। পুলিশের ভাষ্য, রহিম তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ছিনতাই ও মাদকসহ সাত-আটটি মামলা রয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, গতকাল দিবাগত রাত থেকে আজ ভোর পাঁচটার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা রহিমকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, বেড়িবাঁধ এলাকার লোকজন ভোরে রহিমের লাশটি দেখতে পান। এরপর তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


টেকনাফ: টেকনাফে গতকাল রাত সাড়ে নয়টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে জালাল উদ্দিন নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
জালাল উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা ফজল মার্কেট এলাকার বাসিন্দা আজিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসীর বরাতে পুলিশের ভাষ্য, গতকাল সন্ধ্যার পরে যেকোনো সময় জালালকে তাঁর বাসায় গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর স্ত্রী পারভীন আকতার বাড়িতে ছিলেন না।

এলাকার কয়েকজন বাসিন্দার ভাষ্য, জালালের বাড়ির দিক থেকে তাঁরা একটি বিকট শব্দ শোনেন। এরপর ঘটনাটি বোঝার জন্য তাঁরা সেখানে যান। এ সময় বাড়ির ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বাড়ির প্রধান ফটকও খোলা পাওয়া যায়।

বাড়ির ভেতরে ঢুকে জালালকে তাঁর শয়নকক্ষে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে লোকজন বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গিয়াস উদ্দিনকে জানান। তিনি পুলিশকে খবর দেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, জালালের লাশটি উদ্ধার করা হয়েছে। আজ সকালে লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলছে।