নরসিংদী থেকে চট্টগ্রামের অপহূত ছাত্র উদ্ধার, গ্রেপ্তার ৬
অপহূত হওয়ার আট দিন পর আব্বাস উদ্দিন নামের চট্টগ্রামের এক কলেজছাত্রকে নরসিংদী থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণ করে ছয় লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গত বৃহস্পতিবার নরসিংদীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও আব্বাসকে উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: দীপু (২৩), রুবেল (১৯), ওসমান গনি ওরফে মোশাররফ হোসেন (৩৫), দেলোয়ার হোসেন (২৮), সাদ্দাম মিয়া (১৮) ও বেল্লাল মিয়া (৪২)। তাঁদের সবার গ্রামের নরসিংদীতে। অপহরণের শিকার আব্বাস উদ্দিন চট্টগ্রামের রাউজান ইমাম গাজ্জালী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাবার নাম ছালেহ আহাম্মদ। পুলিশ সূত্র জানায়, ১৫ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে আব্বাস আর ফেরেননি। পরদিন ১৬ ফেব্রুয়ারি সকালে আব্বাসের মায়ের মুঠোফোনে একটি কল আসে। অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি ফোনে আব্বাসকে অপহরণ করা হয়েছে বলে জানান এবং ছয় লাখ টাকা মুক্তিপণ চান। আব্বাসের মা বিষয়টি রাউজান থানায় জানান। পুলিশ সূত্র জানায়, আবদুল্লাহ নামের আব্বাসের এক আত্মীয়র মাধ্যমে নরসিংদীর বাসিন্দা দীপুর সঙ্গে তাঁর পরিচয় হয়। কয়েক মাস আগে দীপু আব্বাসের রাউজানের বাড়িতে বেড়াতে যান। পরে উভয়ের মধ্যে মাঝে মাঝে ফোনে যোগাযোগ হতো।পুলিশ জানায়, ১৫ ফেব্রুয়ারি দীপু আব্বাসকে নরসিংদীতে বেড়ানোর আমন্ত্রণ জানান। দীপুর পরামর্শে আব্বাস বাড়ির কাউকে কিছু না বলে ট্রেনে করে ভৈরব পর্যন্ত যান। ভৈরব স্টেশনে অপেক্ষা করছিলেন দীপু, রুবেল ও রাজীব। তাঁরা স্টেশন থেকে আব্বাসকে দীপুর নরসিংদীর বাড়িতে নিয়ে সেখানে আটকে রেখে মুক্তিপণ চান। হাটহাজারী সার্কেলের সহকারী কমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, অপহরণকারীদের সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।