নরসিংদী পৌরসভা নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার নির্বাচন ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মিফতাহ্ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।ওই পৌরসভার মেয়র পদপ্রার্থী আবদুল মতিন সরকার প্রতিদ্বন্দ্বী লোকমান হোসেনের নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন। রিটে জানা যায়, লোকমান হোসেন একটি মামলায় পলাতক আসামি। হলফনামায় ওই তথ্য গোপন করা হয়েছে। অথচ নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা গ্রহণ করেছে। স্থানীয় সরকার পৌরসভা আইন-২০০৯ অনুযায়ী তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন না। ১৭ জানুয়ারি পৌরসভাটিতে ভোট গ্রহণের দিন ধার্য ছিল।আদালতে রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম ও মইনুল ইসলাম মামলা পরিচালনা করেন। মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত ১৫ দিনের জন্য নির্বাচন স্থগিত করেছেন। একই সঙ্গে লোকমান হোসেনের অবস্থান সম্পর্কে যে অভিযোগ এর বিরুদ্ধে তাঁর বক্তব্য থাকলে তা সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।