নরসিংদী বিএনপি এখন আওয়ামী সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী বিএনপি এখন আওয়ামী সন্ত্রাসের শিকার—এমন অভিযোগ করেছেন জেলা বিএনপির নেতারা। সন্ত্রাসী হামলা চালিয়ে কর্মিসভা পণ্ড করে দেওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে আয়োজিত প্রতিবাদ সভায় তাঁরা এই অভিযোগ করেন। নরসিংদী শহরের ভেলানগর এলাকার কারাগারসংলগ্ন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ খায়রুল কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় তাঁতি দলের জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সদর উপজেলা বিএনপির সভাপতি সমীর ভূঁইয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মল্লিক প্রমুখ।হামলার জন্য আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে বক্তারা বলেন, সারা দেশে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বিএনপির সাংগঠনিক প্রক্রিয়ায় যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনি কর্মসূচি পালনে বাধা হয়ে দাড়াচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। আর এই কাজগুলো হচ্ছে ওই দলের হাইকমান্ডের নির্দেশে। তারা শুধু কর্মিসভা পণ্ড করেই ক্ষান্ত হয়নি। সভায় যোগ দিতে যাওয়া নেতাদের গাড়িবহরে হামলা চালায়। এতে দলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। তারা দুটি মাইক্রোবাসও ভাঙচুর করে। এ সময় পুলিশের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। সভা থেকে হামলাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও ক্ষমতাসীন দলের হয়ে পুলিশ সদস্যদের কাজ না করার আহ্বান জানানো হয়। এদিকে একই ঘটনার প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে গত রোববার সন্ধ্যায় শহরের চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়।গত শনিবার রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির কর্মিসভায় যোগ দিতে যাওয়ার পথে উপজেলার লোচনপুর বাজারে নরসিংদীর রায়পুরায় একদল সন্ত্রাসী বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করে।