নরসিংদী শহরে হাঁটুপানি দুর্ভোগে পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদরে গত বুধবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা ও সড়ক পানিতে ডুবে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন পৌর শহরের বাসিন্দারা। তাঁদের অনেকের অভিযোগ, পয়োনিষ্কাশনব্যবস্থায় পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এ জলাবদ্ধতার জন্য দায়ী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, শহরের বিলাসদী, তরোয়া, ভেলানগর, বানিয়াছল, রাঙ্গামাটিয়া, ব্রাহ্মন্দী ও দাসপাড়া এলাকার বিভিন্ন সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে বিলাসদী এলাকায় সার্কিট হাউস, স্টেডিয়াম মার্কেট ও ভেলানগর এলাকায় জেলা কারাগারের সামনে হাঁটুপানি জমেছিল। রাঙ্গামাটিয়া, ব্রাহ্মন্দী, দাসপাড়া এলাকার বিভিন্ন অলিগলির নর্দমায় বৃষ্টির পানি ঢুকে ময়লা উপচে উঠে আশপাশে ছড়িয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন পথচারীরা। নরসিংদী জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. জাকের হোসেন জানান, কারাগারের ভেতরে ও বাইরে হাঁটুপানি জমেছে। সকাল থেকে দুটি সেচযন্ত্র দিয়ে পানি সরানো হচ্ছে। দাসপাড়া এলাকার শিক্ষার্থী আবদুল্লাহ রোকনের (২৬) ভাষ্য, ‘আগে লোকমান মেয়র আছিলেন। সব সময় শহরটারে অনেক পরিষ্কার রাখতেন। নিজে ঘুইরা ঘুইরা এলাকার সমস্যা খুঁইজা বের কইরা সমাধান করতেন। রাস্তায় পানি জমব তো দূরের কথা, ময়লা পর্যন্ত থাকত না। আর এহন মেয়র সাহেবের দেখা মেলাই ভার, শহরের ড্রেন পরিষ্কার রাখবেন কখন। পানি জমব না তো কী জমব?’বিলাসদী এলাকার শিক্ষার্থী সাইফুল ইসলামের দাবি, শহরে পয়োনিষ্কাশনে অব্যবস্থাপনার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মেয়র কামরুজ্জামান বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানের নর্দমা পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসন করেছি।’