নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচন আজ
নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে। চলবে দুপুর দুইটা পর্যন্ত। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে ১৬ হাজার ৩৪২ জন শিক্ষার্থী।ছাত্র সংসদ নির্বাচন পরিচালন পর্ষদ সূত্র জানায়, ২১টি পদের জন্য মোট প্রার্থী হয়েছেন ৭৮ জন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে আছেন ইমায়েত মো. সাকিব, মাহমুদুল হাসান ওরফে শামীম নেওয়াজ ও সবুজ মিয়া। সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন পাঁচজন। তাঁরা হলেন সুমন মিয়া, ফয়সাল মুন্না, বিল্লাল হোসেন, রাকিব হাসান ও শহিদুল ইসলাম। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে আছেন ছয়জন। তাঁরা হলেন শরীফ আহমেদ, মামুন মিয়া, আবেদ আলী, ইমরান উদ্দিন, জাহিদ জাকারিয়া ও সাদ্দাম হোসেন। ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে ছাত্রদলের দুই প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সাকিব-রনি-শরিফ পরিষদ হলো সদর উপজেলা বিএনপির সভাপতি দাবি করা উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সমর্থিত। অপর প্যানেলটি হলো নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ খায়রুল কবির খোকন সমর্থিত। খায়রুল কবির খোকন সমর্থিত প্যানেলের মধ্যে সাধারণ সম্পাদক পদে ফয়সাল মুন্না প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি ও সহকারী সাধারণ সম্পাদক পদ প্রার্থী এস এম মনিরুল ইসলাম ও আমজাদ হোসেন আগেই প্রার্থিতা প্রত্যাহার করে নেন।নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক ইসমাইল তপাদার বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’