নরসিংদী সরকারি কলেজে ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জের ধরে গতকাল রোববার ছাত্রদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।ছাত্রদল সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা বিএনপির মতো ছাত্রদলের নেতৃত্বও দুই পক্ষে বিভক্ত। একপক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সভাপতি ও সদরের সাবেক সাংসদ খায়রুল কবির খোকন। অন্যপক্ষের নেতৃত্ব দিচ্ছেন সদর উপজেলা বিএনপির সভাপতি দাবি করা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী। গত শনিবার উভয় পক্ষই পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন। গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।ছাত্রদলের নেতারা জানান, কলেজের নেতৃত্বে খায়রুলের পক্ষের চেয়ে মঞ্জুরের পক্ষ বেশি সক্রিয় ও শক্তিশালী। এসব দিক বিবেচনা করে সকালে খায়রুল-সমর্থিত ছাত্রদলের প্যানেলের সহসভাপতি (ভিপি) এস এম মনিরুল ইসলাম ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী আমজাদ হোসেনসহ প্যানেলের অন্য সদস্যরা একযোগে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে ওই প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ফয়সাল মুন্না মনোনয়ন প্রত্যাহার করেননি। মনিরুল ও আমজাদ পরে মঞ্জুর এলাহী-সমর্থিত ছাত্রদল ও শিবিরের সমন্বয়ে গঠিত ছাত্র ঐক্য প্যানেলের প্রতি একাত্মতা প্রকাশ করেন। এ সময় ছাত্র ঐক্যের নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন।ওই প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী ইমায়েত মো. সাকিব বলেন, ‘ছাত্রদলের অপর অংশ প্রার্থিতা প্রত্যাহার করে আমাদের প্যানেলকে সমর্থন করেছে। এখন আর ছাত্রদলে কোনো বিরোধ নেই।’এদিকে প্রার্থিতা নিয়ে বিরোধের জের ধরে দুপুর একটার দিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফয়সাল মুন্না মিছিল নিয়ে অনার্স ভবন এলাকা অতিক্রম করে। ওই সময় সাধারণ সম্পাদক পদ চেয়েও না পাওয়া খায়রুলের পক্ষের ছাত্রদলের জুনায়েদ আশরাফের সমর্থকেরা মিছিলে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরির্দশক (এসআই) আনোয়ার হোসেন জানান, ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়ার সময় দুটি ককটেল বিস্ফোরিত হলেও তাতে কেউ হতাহত হয়নি। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে।এদিকে নরসিংদী সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনার ও কলেজের অধ্যাপক ইসমাইল তপাদার বলেন, নির্বাচন হবে ২৯ জুন। ২১টি পদের জন্য ৭৮ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে সহসভাপতি পদে আছেন ইমায়েত মো. সাকিব, মাহমুদুল হাসান ও সবুজ মিয়া। সাধারণ সম্পাদক পদে আছেন পাঁচজন। এঁরা হলেন সুমন মিয়া, ফয়সাল মুন্না, বিল্লাল হোসেন, রাকিব হাসান ও শহিদুল ইসলাম। সহসম্পাদক পদে আছেন ছয়জন। এঁরা হলেন শরীফ আহমেদ, মামুন মিয়া, আবেদ আলী, ইমরান উদ্দিন, জাহিদ জাকারিয়া ও সাদ্দাম হোসেন।