নরসিংদীতে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই
নরসিংদীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মাধবদী বাজারে ও বিকেলে পলাশ উপজেলার ডাংগা বাজারে এ ঘটনা ঘটে। দমকলবাহিনীর হিসাবমতে দুটি অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার মাধবদী বাজারের হালিমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গ্যাসের চুলা জ্বালানোর সময় হঠাৎ করে চুলা থেকে আগুন দোকানে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।অপর দিকে বিকেল সাড়ে চারটার দিকে পলাশ উপজেলার ডাংগা বাজারের পনির ইলেকট্রনিক্স নামের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী কামাল মিয়ার সুতার দোকানে ছড়িয়ে পড়ে। এর সঙ্গে সঙ্গে পল্টন সাহার সেলুন, মোখলেসুর রহমানের কাপড়ের দোকানসহ মোট আটটি দোকান পুড়ে যায়।পলাশ দমকলবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাঈম ইবনে হাসান বলেন, ‘আমাদের প্রাথমিক তদন্ত অনুযায়ী পনির ইলেকট্রনিক্স নামের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।’