নরসিংদীতে অগ্রণী ব্যাংক থেকে টাকা উধাও
অগ্রণী ব্যাংক নরসিংদীর পলাশ বাজার শাখা থেকে ১০ লাখ ৫২ হাজার টাকা খোয়া গেছে। গত সোমবার সকালে অর্থ গায়েবের বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের নজরে আসে। এ ঘটনায় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সালাউদ্দিন, কর্মকর্তা জসিম উদ্দিন সরকার, উচ্চমান সহকারী কামরুল ইসলাম ও দারোয়ান হাতেম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের নরসিংদী আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অগ্রণী ব্যাংক নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নাজমুল হক জানান, রোববার ব্যাংকের দারোয়ান অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে রোববার রাতে ব্যাংকের পাহারায় কেউ ছিলেন না। গত সোমবার সকালে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ ব্যাংকের ভল্টরুম খুলতে গিয়ে তালা ভাঙা দেখতে পান। পরে দেখেন ভল্টে ১০ লাখ ৫২ হাজার ৬৩ টাকা ৬৭ পয়সা নেই। এ ঘটনায় গতকাল তিনি পলাশ থানায় মামলা করেন।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, জাতীয় শোক দিবসের সরকারি ছুটির দিনেও গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ব্যাংকে ছিলেন। প্রাথমিক তদন্তে অর্থ গায়েবের সঙ্গে গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।