নরসিংদীতে অনুমোদনহীন ১৪ কলেজে ভর্তি চলছে
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদন না নিয়ে এবং বোর্ডের দেওয়া শর্ত পূরণ না করেই নরসিংদীর ১৪টি কলেজ একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। কলেজ কোড ও শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিতকরণ নম্বর (ইআইআইএন) নেই—এমন কলেজকে বোর্ড কর্তৃপক্ষ ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত করে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘গুণগত শিক্ষাদানে ন্যূনতম দায়বদ্ধতা থাকতে হবে। কিন্তু নরসিংদীতে কলেজের নামে যা হচ্ছে তা শিক্ষার নামে দুর্বৃত্তায়ন। এভাবে শিক্ষার্থীরা কতটুকু শিখতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।’খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক বছরের ব্যবধানে নরসিংদী শহর ও আশপাশের এলাকায় একের পর এক গড়ে উঠেছে কলেজ। এর মধ্যে শুধু সদর উপজেলায় ৩০টি কলেজ আছে। এসব কলেজের দুটি সরকারি ছাড়া বাকিগুলো ব্যক্তিমালিকানাধীন। অনুমোদনহীন ১৪টি কলেজ হলো শহরের উপজেলা মোড় এলাকার নরসিংদী সেন্ট্রাল কলেজ, বালুরমাঠ এলাকায় নরসিংদী রেসিডেন্সিয়াল কলেজ, সাটিরপাড়া এলাকায় রোকন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ, মাধবদীর ছোট গদাইরচর এলাকায় ব্রাইট টাচ কলেজ, পাঁচদোনায় পিপলস কলেজ, শিবপুরে শিবপুর মডেল কলেজ, শিবপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইটাখোলায় নরসিংদী রয়েল কলেজ, শহরের চিনিশপুরে স্ট্যান্ডার্ড কলেজ, বালুরমাঠে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ, একই এলাকায় নরসিংদী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সঙ্গীতায় নরসিংদী পপুলার স্কুল অ্যান্ড কলেজ, সদর উপজেলার মাধবদীতে মাধবদী মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বাবুরহাট গ্রিনফিল্ড কলেজ।এগুলোর মধ্যে শেষের আটটি কলেজের কার্যক্রম চলতি বছর শুরু হয়েছে। এ বছর নতুন কোনো কলেজের অনুমোদন বোর্ড দেয়নি বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। বাকি ছয়টি কলেজের কর্তৃপক্ষ প্রথম আলোর কাছে দাবি করেছে, তারা শিগগিরই অনুমোদন পেয়ে যাবে।নরসিংদী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়কারী মরিয়ম আক্তার বলেন, ‘সরকারি কলেজগুলোতে পড়াশোনা হয় না। তাই অভিভাবকেরা প্রাইভেট কলেজগুলোর দিকে ঝুঁকছেন। এ কারণেই নরসিংদীতে কলেজ ব্যবসা লাভজনক হয়ে উঠেছে। আমরাও অন্যদের মতো কলেজের কার্যক্রম শুরু করেছি। আর কলেজ পরিচালনার জন্য অনুমোদন জরুরি নয়, ভালো সেবাটাই আসল।’কলেজ স্থাপন বিধিমালার অন্যতম শর্ত হলো—কলেজের নামে মেট্রোপলিটন এলাকায় ন্যূনতম আধা একর, শিল্প ও পৌর এলাকায় পৌনে এক একর এবং মফস্বল এলাকায় ন্যূনতম এক একর জমি থাকতে হবে। জনবল কাঠামো অনুযায়ী অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিতে হবে। সংরক্ষিত তহবিল, সাধারণ তহবিল, গ্রন্থাগার ও বিজ্ঞানাগার থাকতে হবে। নিকটতম কলেজগুলো থেকে ন্যূনতম আড়াই কিলোমিটার দূরত্বে থাকতে হবে। স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে গত তিন বছরের এসএসসি পরীক্ষার ফল, হালনাগাদ স্বীকৃতি ও পরিচালনা কমিটির সিদ্ধান্ত থাকতে হবে। ১৪টি কলেজের একটিরও অনুমোদন নেই উল্লেখ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শ্রীকান্ত কুমার চন্দ প্রথম আলোকে বলেন, ‘এ বছর নতুন করে কোনো কলেজকে অনুমোদন দেওয়া হয়নি। আর কলেজ কোড ও ইআইআইএন নম্বরবিহীন কোনো কলেজে ভর্তি কার্যক্রম চালাতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে বোর্ড সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। শিগগির অনুমোদনহীন কলেজগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’খোঁজ নিয়ে দেখা যায়, শুধু ব্রাহ্মন্দী এলাকার দুই কিলোমিটারের মধ্যে গা ঘেঁষাঘেঁষি করে ১২টি কলেজ গড়ে উঠেছে। পাশাপাশি কলেজের স্থায়ী ক্যাম্পাসের বাধ্যবাধকতা থাকলেও প্রায় সব কটির কার্যক্রমই চলছে ভাড়া বাড়িতে। কলেজগুলোতে এখন একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম চলছে। প্রায় প্রতিটি কলেজ ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য শহরজুড়ে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছে।শিবপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান খান বলেন, ‘শিক্ষার্থীদের অন্য কলেজে নিবন্ধন করিয়ে আমরা মূলত কোচিং সেন্টারের মতো শুধু পাঠদান করছি।’ এক প্রশ্নের জবাবে শহরের চিনিশপুর এলাকার নরসিংদী স্ট্যান্ডার্ড কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ বলেন, ‘সীমাবদ্ধতা থাকবেই। তবু আমরা গুণগত শিক্ষা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করব।’নরসিংদীর জেলা প্রশাসক ওবায়দুল আজম বলেন, ‘যেসব কলেজ বোর্ডের অনুমোদন না নিয়ে অবৈধভাবে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অনুমোদন পাওয়া কলেজগুলো বিধিমালা মেনে না চললে, শিক্ষার পরিবেশ না থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’