নরসিংদীতে অপহূত দুই শিশু উদ্ধার, গ্রেপ্তার ১
নরসিংদীতে অপহূত দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার সৈকাদি এলাকার ভাই ভাই মৎস্য খামার থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুরা হলো: ইউনাইটেড মেঘনা চাঁদপুর (ইউএমসি) পাটকলের শ্রমিক মো. আনিসুর রহমানের ছেলে পারভেজ রহমান (৭) ও ইউএমসি পাটকল এলাকার হোটেল ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে জিসান মিয়া (৫)।নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গত রোববার সকালে ইউএমসি পাটকল এলাকা থেকে পারভেজ রহমান ও জিসান মিয়াকে অপহরণ করা হয়। অপহরণের পর থেকে সাদ্দাম নামের অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে আনিসুর রহমানের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় অপহরণের দিন রাতে পারভেজের বাবা বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি অপহরণ মামলা করেন। পরে অপহরণে জড়িত সন্দেহে মুঠোফোনের সূত্র ধরে ফারুক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। ফারুক সাদ্দামের খালাতো ভাই। ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার সৈকাদি এলাকার ভাই ভাই মৎস্য খামার থেকে ওই দুই শিশুকে উদ্ধার করা হয়। ‘অপহরণকারী’ সাদ্দাম এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।