নরসিংদীতে অবশেষে ব্যানার অপসারণ
নরসিংদী সরকারি কলেজের মাঠ ও ভবন থেকে ব্যানার অপসারণ করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ব্যানার নামানো হয়।
গত ৯ নভেম্বর প্রথম আলোয় ‘ব্যানারে ছেয়ে গেছে মাঠ ও ভবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি কলেজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ব্যক্তিদের নজরে আসে। পরে বিষয়টি আমলে নিয়ে ১১ নভেম্বর কলেজ কর্তৃপক্ষ ব্যানার অপসারণের নোটিশ দেয়। এতে কাজ না হলে কলেজ কর্তৃপক্ষ নিজেরাই আজ ক্যাম্পাসের ভেতরে টানানো সব ব্যানার অপসারণ করে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে কলেজে গিয়ে দেখা যায়, প্রধান ফটকের পাশে দুজন অফিস সহকারী বাঁশের খুঁটিতে টানানো ব্যানার নামাচ্ছেন। এর আগে পুকুরপাড় ঘেঁষে মাঠে, বিভিন্ন গাছে এবং কলেজ ভবনের বারান্দায় যেসব ব্যানার টানানো হয়েছিল, সেগুলোও অপসারণ করা হয়। মাঠের এক কোণে অপসারণ করা বাঁশের খুঁটি ও ব্যানার স্তূপ করে রাখা হয়েছে।
একাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘ব্যানারগুলো নামানোর পর দেখে মনে হচ্ছে কলেজ ভবনটিকে গোসল করিয়ে পরিষ্কার করা হয়েছে। কলেজ এখন তাঁর স্বাভাবিক সৌন্দর্য ফিরে পেয়েছে।’
জ্যেষ্ঠ কয়েকজন শিক্ষক বলেন, ‘বিষয়টি রাজনৈতিক হওয়ায় কলেজ কর্তৃপক্ষ ব্যানার নামানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। কিন্তু পত্রিকায় খবরের শিরোনাম হওয়ার পর তা কেটে গেছে। এখন কলেজে পড়ালেখার একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। কারণ পরিষ্কার-পরিচ্ছন্নতাও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।’
অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বলেন, ‘পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর ব্যানার অপসারণে নোটিশ জারি করা হয়। কিন্তু শিক্ষার্থীরা নিজেদের ব্যানার নিজেরা না নামানোয় কলেজ কর্তৃপক্ষ এগুলো অপসারণ করতে বাধ্য হয়েছে।’