নরসিংদীতে অবৈধ ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র। এসব ক্লিনিকে বেশির ভাগ সময়েই চিকিৎসক থাকেন না। নেই প্রশিক্ষিত সেবিকা ও প্যাথলজিস্ট। ভুল চিকিৎসা ও অবহেলায় এসব ক্লিনিকে রোগী মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে রোগনির্ণয় কেন্দ্রগুলোতে রক্ত, মলমূত্রসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাজ করছেন অদক্ষ কর্মীরা। ফলে রোগ নির্ণয়ের পরীক্ষায় ভুল স্বাস্থ্যতথ্য পাওয়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয় উপজেলায় ৪১টি বেসরকারি হাসপাতাল ও ৮৩টি রোগনির্ণয় কেন্দ্রসহ ১২৪টি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে ১১টি হাসপাতাল ও ৫৪টি রোগনির্ণয় কেন্দ্রের কোনো অনুমতিপত্র নেই। অন্যগুলোর অনুমতিপত্র থাকলেও বেশির ভাগ প্রতিষ্ঠানের অনুমতিপত্র নবায়ন করা হয়নি। সূত্রটি আরও জানায়, এসব প্রতিষ্ঠান স্থাপনে সরকারি নীতিমালায় অন্যতম শর্ত হলো, নির্দিষ্ট শয্যাসংখ্যা (১০/১৫/২০), একটি প্যাথলজি বিভাগ, একটি তথ্য সেবাদানকেন্দ্র, পরীক্ষা-নিরীক্ষার মূল্য তালিকা, অপেক্ষমাণ কক্ষ, নমুনা সংগ্রহের আলাদা জায়গা, পৃথক পুরুষ ও নারী ওয়ার্ড, কেবিন ও টয়লেটের ব্যবস্থা থাকতে হবে। এ ছাড়া সার্বক্ষণিক চিকিৎসক, তিনজন সেবিকা ও একজন টেকনোলজিস্ট থাকা বাধ্যতামূলক।কিন্তু প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, অনুমোদনহীনসহ বেশির ভাগ ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রে নীতিমালার বেশির ভাগ শর্তই মানা হয়নি। ক্লিনিকগুলোতে দিনের একটি নির্দিষ্ট সময়ে মাত্র কয়েক ঘণ্টার জন্য সেবিকা ও টেকনোলজিস্ট পাওয়া গেলেও চিকিৎসকের দেখা মেলেনি। বেশির ভাগ সময় চিকিৎসকের কাজ করানো হচ্ছে সেবিকা ও প্রতিষ্ঠানের কর্মচারীদের দিয়ে। শিবপুর এলাকার আবদুল আলী প্রথম আলোকে বলেন, ‘আমি নরসিংদী শহরের একটি রোগনির্ণয় কেন্দ্রে আমার স্ত্রীর রক্ত পরীক্ষা করাই। রিপোর্টে বলা হয়, আমার স্ত্রীর ক্যানসার হয়েছে। পরে ঢাকার একটি রোগনির্ণয় কেন্দ্রে পরীক্ষা করা হলে এ ধরনের কিছুই পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর ও সিল ভুয়া বলে জানতে পারি। এই রক্ত পরীক্ষাটিও কোনো চিকিৎসকের মাধ্যমে হয়নি।’অভিযোগ উঠেছে, সরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কমিশন চুক্তিতে এসব হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে। চিকিৎসকেরা কারণে-অকারণে তাঁদের মনোনীত হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রগুলোতে রোগীদের পাঠাচ্ছেন। নরসিংদী ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও হলি ক্রিসেন্ট প্রাইভেট হাসপাতালের পরিচালক নোমান মো. সনেট বলেন, ‘শর্ত পূরণ না করে আগাছার মতো বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে যেসব প্রতিষ্ঠান হচ্ছে, সেগুলোর ব্যাপারে সিভিল সার্জন কার্যালয় থেকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা কারিমুল হাসান বলেন, ‘নিবন্ধনের সব শর্ত পূরণ করলেই তা অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।’সিভিল সার্জন রশিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে কয়েকটি ক্লিনিক পরিদর্শন করে অব্যবস্থাপনার প্রমাণ পেয়েছি। ইতিমধ্যেই জেলার নিবন্ধিত ও অনিবন্ধিত অবৈধ ক্লিনিকের একটি তালিকা তৈরি করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সাপেক্ষে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’