নরসিংদীতে বিএনপির সমর্থকদের অর্ধশতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার সকালে সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ১০ আগস্ট ঈদুল ফিতরের নামাজে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। ওই ঘটনার জের হিসেবে এক সপ্তাহ ধরে আওয়ামী লীগ-সমর্থক স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও তাঁর সমর্থকেরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী ও তাঁর সমর্থকদের হুমকি দিচ্ছিলেন। গত শনিবার বিএনপির নেতা-কর্মীরা মৌখিকভাবে বিষয়টি থানার পুলিশকে জানান।
গতকাল সকাল ছয়টার দিকে ২০০ থেকে ২৫০ জনের একদল সন্ত্রাসী মুরাদনগর গ্রামে অর্ধশতাধিক বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ভাঙচুর ও লুটপাট করে এবং আইয়ুব আলী, আবদুল আউয়াল, মিয়া চান, খবির উদ্দিন, ফোরকান মিয়া, হেলাল উদ্দিন ও নজরুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ করেন।
আইয়ুব আলীর দাবি, চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও আইনজীবী আসাদুল্লাহর নেতৃত্বে ও পরিকল্পনায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
এ ব্যাপারে দেলোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করে আইনজীবী আসাদ উল্লাহ বলেন, ‘আমি নরসিংদীতে থাকি—এ বিষয়ে কিছুই জানি না।’
নরসিংদী সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, শনিবার এলাকায় অভিযান চালিয়ে টেঁটাসহ ১৫০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল সকালে সেখানে যাওয়ার আগেই প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। মূলত পূর্বশত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটে।