নরসিংদীতে অশ্লীল নাচ বন্ধ
নরসিংদী জেলা প্রশাসনের নির্দেশে জেলার সবগুলো হাউজি, জুয়া, লটারি আর অশ্লীল নাচের আসর বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহ আগে থেকে জেলার সব উপজেলার একাধিক স্থানে যাত্রাপালার অনুমতি এনে প্যান্ডেলে হাউজি, জুয়া, লটারি আর অশ্লীল নাচের আসর বসানো হয়। এতে প্রতি রাতে আয়োজকদের লাখ লাখ টাকা আয় হলেও নরসিংদীর সার্বিক আইনশৃঙ্খলা ভেঙে পড়ে। এই নিয়ে বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও আইনশৃঙ্খলা সভায় তা বন্ধের দাবি জানালেও কাজ হয়নি।গত ৩১ জানুয়ারি প্রথম আলোয় ‘বঙ্গবন্ধু সমাজকল্যাণ সাংস্কৃতিক সংসদ নাম দিয়ে অশ্লীল নৃত্য, জুয়ার আসর!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল বুধবার পাহাড় উজিলাব গ্রামে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সমাজকল্যাণ সাংস্কৃতিক স্মৃতি সংসদ নামে পরিচালিত আনন্দ মেলাস্থলে আয়োজকদের কেউ নেই। প্যান্ডেলের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় দোকানি জানালেন, গত মঙ্গলবার রাতে হাউজি চলা অবস্থায় ইউএনও এসে কার্যক্রম বন্ধ করে দিয়ে যান। জেলা প্রশাসক অমৃত বাড়ৈ প্রথম আলোকে বলেন, ‘আবহমান বাংলা সংস্কৃতি যাত্রাপালায় প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার জন্য আমরা প্রদর্শনীর অনুমতি দিয়েছিলাম। কিন্তু আয়োজকেরা যাত্রাপালার প্যান্ডেলে হাউজি, জুয়া, লটারি আর অশ্লীল নাচের আসর বসিয়েছিলেন। তাই জেলার সব প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।’