নরসিংদীতে অস্ত্রসহ ডাকাতদলের সাত সদস্য গ্রেপ্তার
নরসিংদীতে দেশীয় অস্ত্র ও লুট করা মালামালসহ সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এরা সবাই আন্তজেলা ডাকাতদলের সদস্য। গত বুধবার ঢাকায় এবং গতকাল শনিবার নরসিংদীতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: বরিশালের উজিরপুর এলাকার নূরুল ইসলাম, নরসিংদীর বাসাইল এলাকার আরিফুল ইসলাম, শিবপুর এলাকার মোখলেসুর রহমান, মুন্সিগঞ্জ জেলার মামুন মিয়া ও সোহাগ মিয়া এবং নারায়ণগঞ্জের হাবিবুর রহমান ও রহমতউল্লাহ।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার দক্ষিণ শিলমান্দী এলাকার ‘আবদুল্লাহ ডাইং হাউজ’ নামের একটি কারখানার গ্রিল কেটে ৩২ লাখ টাকা মূল্যের কাপড় লুট করে নিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনায় ওই কারখানার সহকারী ব্যবস্থাপক মোসলেহ উদ্দিন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ইসলামপুর এলাকার একটি বিপণিবিতানে অভিযান চালিয়ে কারখানার লুট করা কাপড়সহ মামুন, সোহাগ, হাবিবুর রহমান ও রহমতউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে সদর উপজেলার বাসাইল এলাকার আরিফুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে পুলিশ আরিফুলসহ নুরুল ইসলাম ও মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় একটি এলজি সাটারগান, ছয়টি চাপাতি ও একটি গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা ডাকাতদলের সদস্য। তাঁদের কাছ থেকে উদ্ধার করা মালামাল আদালতের মাধ্যমে ওই কারখানা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।