নরসিংদীতে আ.লীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা
নরসিংদীতে মো. শাজাহান মিয়া (৫২) নামের আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের পুরানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাজাহান মিয়া বীরপুর এলাকার বাসিন্দা। তিনি নরসিংদী পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কমিশনার। নিহত ব্যক্তির পরিবারের দাবি, পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শাজাহানকে খুন করা হয়েছে। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, নিহত শাজাহান মিয়া সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে বের হন। পরে প্রতিবেশী বন্ধু হারুন অর রশীদকে নিয়ে বাড়ির পাশে মোস্তফা মিয়ার মুদির দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পুরানপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে নুরুজ্জামান ও মকবুল মিয়ার ছেলে খলিলুর রহমান দোকানে আসেন। কিছুক্ষণের মধ্যে তাঁরা চলে যান। ওই সময় দোকানি মোস্তফা মিয়ার ছেলে সজীব মিয়া দোকানে বসা ছিলেন। নুরুজ্জামান ও খলিল চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই একই এলাকার আলতাফ মিয়ার ছেলে আরিফ মিয়া ও রেনু মিয়ার ছেলে কাউসার মিয়া দোকানে আসেন। তাঁরা দোকানে আসামাত্রই সজীব মিয়া বাতি বন্ধ করে দেন। এ সময় আরিফ আওয়ামী লীগের নেতা শাজাহান মিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে কিল-ঘুষি মারতে শুরু করেন। কাউসার মিয়া হারুন অর রশীদকে পাইপ দিয়ে আঘাত করলে তিনি দৌড়ে পাশে সোলমান মিয়ার গোয়ালঘরে আশ্রয় নেন। এ সময় তিনিশাজাহানের চিৎকার শুনতে পান। কিছু সময় পর তিনি লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, দোকান বন্ধ ও দোকানের সামনে শাজাহান মিয়ার লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ রাত সোয়া আটটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুরানপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে খলিলুর রহমান ভূঁইয়া ওরফে খলিল মুন্সিকে আটক করে পুলিশ।হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ‘হামলার শিকার হওয়ার পর আমি দৌড় দিই আর শাজাহান মিয়া মাটিতে পড়ে যান। পরে আশপাশের লোকজন নিয়া আইসা দেখি, কাকার মাথায় ধারালো অস্ত্রের কোপ ও কোমরে গুলি।’ হারুন তাঁর নিরাপত্তা দাবি করেন। নিহত ব্যক্তির মা আয়েশা বেগম ও দুই বোন জানান, দীর্ঘদিন ধরে এলাকার ‘ভূমিদস্যু’ খলিলুর রহমান ভূঁইয়ার সঙ্গে নিহত শাজাহান মিয়ার জমিসংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি শাজাহান মিয়া পুরানপাড়া এলাকায় একটি বাড়ি কেনেন। এই বাড়ি কেনার সময় স্থানীয় সন্ত্রাসী আরিফ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাজাহান মিয়াকে দেখে নেওয়ার হুমকি দেন আরিফ। আরিফ, সজীব ও কাউসার মিয়া খলিলের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে খলিলুর রহমান ভূঁইয়া ওরফে খলিল মুন্সিকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে। শাজাহান মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।