নরসিংদীতে আ.লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম কাইয়ুমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির বৈঠক শেষে তাঁকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা।
জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসএম কাইয়ুম নবগঠিত জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি প্রার্থী হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এসএম কাইয়ুমকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এমনকি নির্বাচনী মাঠে আওয়ামী লীগের কোনো সদস্য এসএম কাইয়ুমের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামলে জেলা আওয়ামী লীগ তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা প্রথম আলোকে বলেন, ‘দলের শৃঙ্খলা ভেঙে প্রার্থী হওয়ায় এসএম কাইয়ুমকে জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁর পক্ষে যদি দলের কেউ কাজ করে তাহলে তাঁর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ ব্যাপারে জানতে এসএম কাইয়ুমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।