বিচারকাজ চলাকালে আদালত প্রাঙ্গণে মিছিল ও বিচারকের অপসারণের দাবির প্রতিবাদে নরসিংদী জেলা আইনজীবী সমিতি গতকাল বুধবার দুই ঘণ্টার কর্মবিরতি পালন ও প্রতিবাদ সভা করেছে। কর্মবিরতির সময় সমিতির মিলনায়তনে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত সভা করেন আইনজীবীরা। এ সময় আদালতে বিচারকাজ বন্ধ থাকে। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাছেদ। এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শিকদার, জেলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক বদরুদ্দোজা, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও আইনজীবী আসাদুজ্জামান, এস এ হাদী প্রমুখ।প্রতিবাদ সভাকে কেন্দ্র করে নরসিংদী জেলা আইনজীবী সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে কিছু উচ্ছৃঙ্খল যুবক বিচারকাজ চলাকালে আদালত প্রাঙ্গণে মিছিল ও সভা করে। এ সভায় এক বিচারকের অপসারণের দাবি ও তাঁর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়া হয়। এতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর প্রতিবাদে গতকাল কর্মবিরতি পালন ও প্রতিবাদ সভা করা হয়।