নরসিংদীতে আগুনে ১০ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পাঁচদোনা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভায়। আগুনে প্রায় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।

ব্যবসায়ীরা বলেন, বিকেল পৌনে পাঁচটার দিকে বাজারের মাহবুবুর রহমানের তেলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু সময়ের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। নরসিংদী, মাধবদী ও ঘোড়াশাল থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু এর আগেই মাহবুব, রুস্তম মিয়া, আবুল মিয়া, হালিম মিয়া, কাদির মিয়া, আলী হোসেন, সোহাগ মিয়া, লালু মিয়া, হিরণ মিয়া, শিবন মিয়া ও মোহন দাসের দোকান পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে শরিফ হোসেন নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচদোনা বাজার বণিক সমিতির সভাপতি আমজাদ হোসেন বলেন, তাঁদের হিসাবমতে আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।