নরসিংদীতে আট দোকান আগুনে পুড়ে ছাই
নরসিংদী সদর উপজেলার শেখেরচর বাবুরহাট বাজারে আগুন লেগে পাইকারি কাপড়ের আটটি দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটায় সংঘটিত এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো ঐশী থ্রিপিস, রাখি থ্রিপিস, সানি শুভ ওড়না হাউস, মেসার্স শাহিনুর
গার্মেন্টস অ্যান্ড মশারি, মেসার্স মমতাজ মশারি স্টোর, সানি গার্মেন্টস মশারি, খালেক স্টোর ও বিসমিল্লাহ ওড়না হাউস।
মাধবদী ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে। কেউ না থাকায় আগুন চার দিকে ছড়িয়ে পড়লে ২০ মিনিট পর এক ব্যবসায়ী বাজারের ইজারাদার ও শীলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাকিরকে খবর দেন। পরে মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে আটটি দোকান পুড়ে যায়।
রাখি থ্রিপিসের ব্যবস্থাপক রঞ্জিত দাশ বলেন, তাঁদের দোকানে আগুনে প্রায় ৫০ লাখ টাকার শীতের চাদর, থ্রিপিস, ওড়না পুড়ে গেছে।
মেসার্স শাহিনুর গার্মেন্টস অ্যান্ড মশারির মালিক মো. মোক্তার হোসেন দাবি করেন, তাঁর দোকানের প্রায় ১০ লাখ টাকার মশারি পুড়ে গেছে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশনের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) মো. হীরণ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগেছে। বাজারের গলিগুলো অপ্রশস্ত ও পর্যাপ্ত পানি না থাকায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে।
এ ব্যাপারে বাজারের ইজারাদার আবদুল বাকির বণিক সমিতির প্রতি অব্যবস্থাপনার অভিযোগ করে বলেন, বাজারের ভেতরে ১০-১২ ফুটের গলির মধ্যে ব্যবসায়ীরা চৌকি, টিন, চান্দিনা দিয়ে অবৈধভাবে দখল করে গলিটা পাঁচ-ছয় ফুটে নিয়ে এসেছে। এ কারণে ফায়ার সার্ভিসের গাড়ি বাজারের ভেতরে যেতে পারেনি।
আবদুল বাকির বলেন, এ ব্যাপারে বণিক সমিতি পদক্ষেপ নিলে হয়তো এতটা ক্ষতি হতো না। ধারণা করা হচ্ছে, সব প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগ অস্বীকার করে শেখেরচর বাবুরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক জি এম তালেব বলেন, প্রশাসনের সহযোগিতায় বেশ কয়েকবার চৌকি ওঠানো হয়েছে। কিন্তু তাঁরা আবার বসে যান। চৌকিগুলো এখানকার প্রভাবশালী ব্যক্তিরাই বসান। তাঁদের রোখার ক্ষমতা তাঁর নেই।