নরসিংদীতে আটক দুজনসহ সাতজনের বিরুদ্ধে মামলা
২২ ঘণ্টা ঘিরে রাখার পর নরসিংদীর উত্তর গাবতলীর মেসবাড়িটি থেকে র্যাবের হাতে আটক পাঁচজনের মধ্যে তিনজনকে রোববার রাতে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে আটক রয়েছেন মো. সালাহ উদ্দীন ও আবু জাফর। আজ সোমবার ওই দুজনসহ মোট সাতজনের নাম উল্লেখ করে নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন র্যাব-১১-এর ডিএডি আবদুর রহমান।
আজ বিকেলে মামলাটির তদন্তকারী কর্মকর্তা নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় আবু জাফর ও সালাহ উদ্দীনকে গ্রেপ্তার দেখিয়ে বেলা আড়াইটার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ওই দুজনকে রিমান্ডে নেওয়ার জন্য কোনো আবেদন করা হয়নি।
সালাহ উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি সমাজবিজ্ঞান থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের চরদিঘলদী গ্রামে। আর আবু জাফর নরসিংদী সরকারি কলেজের স্নাতকোত্তরের ছাত্র। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শম্ভুপুর গ্রামে।
র্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেক উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা যাঁদের মূল টার্গেট করে বাড়িটি ঘেরাও করেছিলাম, ওই দিন তাঁদের অনেকে সেখানে উপস্থিত ছিল না। ঘটনার দিন বেশ কয়েকজন নিরপরাধ লোক ঢুকে পড়ে। ফলে আটকের পর তিনজনকে ছেড়ে দিয়েছি। আটক করা সম্ভব হয়নি মামলায় এমন আটজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের আটক করার স্বার্থে নামগুলো প্রকাশ করা যাচ্ছে না।’
গতকাল রোববার মেসবাড়িটিতে গিয়ে দেখা গেছে, র্যাব কক্ষটি তালাবদ্ধ করে রেখেছে। স্থানীয় কয়েকজন জানান, বাড়িটিতে ছাত্ররা থাকেন—এমনটাই জানতেন তাঁরা। প্রাইভেট পড়ার জন্য অনেক শিক্ষার্থীর ওই বাড়িতে যাতায়াত ছিল। বাড়িটির সঙ্গেই রয়েছে জামিয়া কাসেমিয়া মাদ্রাসা। বাড়িটিতে পড়তে আসা বেশির ভাগ ছাত্রই ওই মাদ্রাসা থেকে আসতেন।
জঙ্গি আস্তানা সন্দেহে গত শনিবার বিকেলে নরসিংদী উপজেলার চিনিশপুর ইউনিয়নের উত্তর গাবতলীর কুয়েত প্রবাসী মঈনুদ্দীনের নির্মাণাধীন একতলা বাড়িটি ঘিরে ফেলে র্যাব। এরপর বাড়িটির মূল দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয়। রোববার সকালে র্যাব পাঁচজনকে বের করে আনে। দুপুরে বাড়িটি তালা মেরে চলে যায় র্যাব। পরে নরসিংদী সরকারি কলেজের স্নাতকোত্তরের ছাত্র বাসিরুল ইসলাম, মশিউর রহমান এবং জামিয়া কাসেমিয়া মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মাসুদুর রহমানকে ছেড়ে দেওয়া হয়।
মশিউরকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয় রোববার রাত ১২টার দিকে। মশিউরের বাবা স্কুলশিক্ষক ফজলুর রহমান জানান, তাঁরা রাত নয়টার দিকে নারায়ণগঞ্জে র্যাব-১১ কার্যালয়ে যান। রাত ১২টার দিকে মশিউরকে ছেড়ে দেওয়া হয়।