নরসিংদীতে আবারও টেক্সটাইল মিলে ডাকাতি
নরসিংদীতে মাত্র তিন দিনের মধ্যে আবারও একটি টেক্সটাইল মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার পাঁচদোনার আসমান্দিরচর এলাকায় অবস্থিত আকন্দ টেক্সটাইল মিলে ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রায় অর্ধকোটি টাকা মূল্যের কাপড় লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।এর আগে বুধবার রাতে শেখেরচরের চৈতাব এলাকার টাইকন টেক্সটাইল মিল থেকে ডাকাতেরা ৭০ লাখ টাকার সুতা লুট করে নিয়ে যায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত দুইটার দিকে ১৫-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল আকন্দ টেক্সটাইল কারখানার জানালার গ্রিল কেটে কারখানার ভেতরে ঢোকে। ডাকাতেরা শ্রমিকদের অস্ত্র দেখিয়ে জিম্মি করে ফেলে। এরপর কারখানার প্রধান ফটক খুলে একটি কাভার্ড ভ্যান মিলের ভেতরে ঢুকিয়ে প্রায় ৫০ লাখ টাকার কাপড় লুট করে নিয়ে যায়।খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানার পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মিলের শ্রমিক মো. মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম, কামরুল হাসান ও আলম মিয়াকে আটক করে।তবে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মনে হচ্ছে এটা কোনো ডাকাতির ঘটনা নয়, সাজানো নাটক। কতিপয় শ্রমিকের যোগসাজশে মিল থেকে কাপড়গুলো সরানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মিলের মালিক বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছেন।তবে মিলের শ্রমিকেরা জানান, ঘটনার সঙ্গে শ্রমিকেরা জড়িত নয়। ডাকাতির ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ শ্রমিকদের দোষারোপ করছে।