তিতাস কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গতকাল সোমবার নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় আবারও রেলপথ অবরোধ করেছে এলাকাবাসী। এতে করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জসহ পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।খানাবাড়ী রেলস্টেশন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে কয়েক হাজার জনতা লাঠিসোঁটা নিয়ে মিছিল করতে করতে স্টেশন এলাকায় আসে। প্রথমে তারা স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ নিজেদের দখলে নেয়। এরপর সকাল পৌনে সাতটার দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি খানাবাড়ী স্টেশনে পৌঁছালে বিক্ষুব্ধ লোকজন ট্রেন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে এবং লাইনের ওপর পরিত্যক্ত রেলপাত ও গাছপালা ফেলে অবরোধ সৃষ্টি করে। এ কারণে ট্রেন থামাতে বাধ্য হন চালক। ট্রেনটিকে আটকে রেখে লোকজন স্টেশন এলাকায় সভা করে।সভায় অবরোধকারীরা বলেন, খানাবাড়ী স্টেশনে কোনো আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। এমনকি তিতাস কমিউটার ট্রেনটিরও যাত্রাবিরতি দেওয়া হয় না। ফলে তাদের মেইল ও লোকাল ট্রেনের ওপর নির্ভর করতে হয়। এতে করে দিন দিন তাদের ভোগান্তি বাড়ছে।সকাল ১১টার দিকে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজানুর রহমান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এজাজ আহমেদ ও জাহিদুল হাসান ঘটনাস্থলে যান। এ সময় ইউএনও রেলওয়ের পক্ষ থেকে আশ্বাস দেন, আগামী ৮ এপ্রিল থেকে খানাবাড়ী স্টেশনে তিতাস ট্রেনের যাত্রাবিরতি শুরু হবে। এরপর দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। ট্রেন থামানোর দাবিতে দুই মাসে খানাবাড়ী এলাকায় এই নিয়ে তিন দফা রেললাইন অবরোধ করা হলো।অবরোধের কারণে চট্রগ্রামগামী আন্তনগর মহানগর, প্রভাতী ও ঢাকাগামী আন্তনগর এগারসিন্ধুর নরসিংদীর জিনারদী স্টেশনে, সিলেটগামী আন্তনগর পারাবত ও নোয়াখালীগামী আন্তনগর উপকূল নরসিংদী স্টেশনে এবং বেশ কয়েকটি মেইল ও লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে করে কয়েক হাজার যাত্রীকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।খানাবাড়ী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, ৮ এপ্রিল থেকে তিতাস ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে।