নরসিংদীতে আরও ১৫ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত তিন দিনে আক্রান্ত ৩৯ জনসহ জেলার ছয়টি উপজেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪৩।
আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরুল কায়েস।
জেলা করোনা প্রতিরোধ জরুরি সেল সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৯২ জনের নমুনা রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ বেলা তিনটার দিকে সেখান থেকে জানানো হয়, তাঁদের মধ্যে ১৫ জন করোনায় আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার চারজন, শিবপুরের সাতজন, মনোহরদীর দুজন এবং রায়পুরা ও পলাশের একজন করে রয়েছেন।
৭ এপ্রিল পলাশ উপজেলায় জেলার প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরদিন রায়পুরা উপজেলায় আরও একজন করোনায় আক্রান্ত বলে ঘোষণা দেওয়া হয়। দুজনই নারায়ণগঞ্জ থেকে নরসিংদীতে ফিরেছিলেন। ওই দিন রাতেই ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের এক কর্মচারী করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। পরে তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হন। ১৩ এপ্রিল সাংবাদিক, চিকিৎসকসহ ১৬ জন এক দিনেই করোনায় আক্রান্ত হন। পরদিন আরও আটজনের আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। আজ আরও ১৫ জনের আক্রান্ত হওয়ার খবর জানানো হলো।
সিভিল সার্জনের কার্যালয় জানায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৭ জনকে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। অন্যদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটগুলোতে ভর্তি করা হয়েছে।
সিভিল সার্জন মো. ইব্রাহীম প্রথম আলোকে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ব্যক্তিদের কারও কারও শরীরে করোনাভাইরাসের মৃদু উপসর্গ পাওয়া গেছে, আবার অনেকের শরীরে কোনো উপসর্গই পাওয়া যায়নি। আক্রান্ত ব্যক্তিদের স্বজনসহ সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছে। তাঁদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।