নরসিংদীতে ইউপি চেয়ারম্যান রাজ্জাককে কুপিয়ে হত্যা
নরসিংদীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল রাজ্জাক সরকারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার রাত নয়টায় নরসিংদী শহরের দত্তপাড়া (বাজার এলাকায় জনতা ব্যাংকের নিচে) এলাকায় এই ঘটনা ঘটে। আবদুল রাজ্জাক সদর উপজেলার আলোকবালী ইউপির চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি আলোকবালী ইউনিয়নে টানা ছয়বার চেয়ারম্যান নির্বাচিত হন। রাজ্জাকের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ ও পরিবারের লোকজন জানান, চেয়ারম্যান রাজ্জাকের বাড়ি সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামে। তিনি থাকতেন শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায়। গতকাল সন্ধ্যায় বাসা থেকে বের হন। শহরের দত্তপাড়ার নরসিংদী কালচারাল ক্লাবে সময় কাটান। রাত নয়টার দিকে বৃষ্টি কমলে সেখান থেকে তিনি নাজিম উদ্দিন নামের এক বন্ধুর দোকানের উদ্দেশে বের হন। ওই সময় বিদ্যুৎ না থাকায় সড়ক কিছুটা অন্ধকার ছিল। তিনি জনতা ব্যাংকের সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী পেছন থেকে মাথায় আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। আশপাশের লোকজন রাজ্জাককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নরসিংদীর জেলা প্রশাসক ওবায়দুল আজম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সদর হাসপাতালে ছুটে যান এবং নিহত রাজ্জাকের পরিবারকে সান্ত্বনা দেন। হাসপাতালে রাজ্জাকের স্ত্রী সামসুন নাহার প্রশ্ন করেন, ‘আমার স্বামী কখনো কারও ক্ষতি করেননি। তাহলে কেন তাঁকে এমনভাবে মরতে হলো।’ আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রাশেদ মোল্লা বলেন, আবদুল রাজ্জাক খুব জনপ্রিয় ছিলেন। এ কারণে টানা ছয়বার চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর এই জনপ্রিয়তা অনেকের কাছে ঈর্ষার কারণ হয়েছিল। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাজ্জাক চেয়ারম্যানকে হত্যা করেছে। এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। পাশাপাশি শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’