নরসিংদীতে ইউপি চেয়ারম্যান রাজ্জাককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল রাজ্জাক সরকারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার রাত নয়টায় নরসিংদী শহরের দত্তপাড়া (বাজার এলাকায় জনতা ব্যাংকের নিচে) এলাকায় এই ঘটনা ঘটে। আবদুল রাজ্জাক সদর উপজেলার আলোকবালী ইউপির চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি আলোকবালী ইউনিয়নে টানা ছয়বার চেয়ারম্যান নির্বাচিত হন। রাজ্জাকের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ ও পরিবারের লোকজন জানান, চেয়ারম্যান রাজ্জাকের বাড়ি সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামে। তিনি থাকতেন শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায়। গতকাল সন্ধ্যায় বাসা থেকে বের হন। শহরের দত্তপাড়ার নরসিংদী কালচারাল ক্লাবে সময় কাটান। রাত নয়টার দিকে বৃষ্টি কমলে সেখান থেকে তিনি নাজিম উদ্দিন নামের এক বন্ধুর দোকানের উদ্দেশে বের হন। ওই সময় বিদ্যুৎ না থাকায় সড়ক কিছুটা অন্ধকার ছিল। তিনি জনতা ব্যাংকের সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী পেছন থেকে মাথায় আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। আশপাশের লোকজন রাজ্জাককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’