নরসিংদীতে ইফতারিতে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রাসায়নিক!
নরসিংদী শহরে ইফতারসামগ্রীতে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। জিলাপিতে মেশানো হয় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং। এ ছাড়া পোড়া তেল দিয়ে ভাজা হয় বিভিন্ন ইফতারসামগ্রী।গত শুক্রবার শহরের বেশ কয়েকটি দোকানে গিয়ে দেখা গেছে, ছোলা, পেঁয়াজু, বেগুনি, চপ ও জিলাপি ভাজতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ও পোড়া তেল। এ ছাড়া আগের দিনের বাসি খাবার মিশিয়ে দেওয়া হচ্ছে নতুন ইফতারসামগ্রীতে।জিলাপিসহ মিষ্টি তৈরিতে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রং-জাতীয় রাসায়নিক।এ ছাড়া মুড়ি তৈরিতে নিম্নমানের ও অস্বাস্থ্যকর লবণের পানি ব্যবহার করতে দেখা গেছে। তবে ক্রেতাদের অনেকের অভিযোগ, মুড়িতে ইউরিয়া সার মেশানো পানি ও সোডা ব্যবহার করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী প্রথম আলোকে বলেন, মুড়ির বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির জন্য ইউরিয়া সার মেশানো পানি এবং অনেক সময় সোডা ব্যবহার করা হয়।নরসিংদী সদর উপজেলায় প্রায় আটটি চিড়া-মুড়ির কারখানা রয়েছে। অগ্রদূত চিড়া-মুড়ির মিলের ব্যবস্থাপক মো. ছিদ্দিকুর রহমান বলেন, তাঁদের মুড়িতে শুধু লবণের পানি ব্যবহার করা হয়। সারের পানি কিংবা সোডা ব্যবহার করা হয় না। প্রায় একই কথা বলেন সোনালি ও হুগলী চিড়া-মুড়ি মিলের স্বত্বাধিকারী দিলীপ কুমার।শহরের সিঅ্যান্ডবি রোড, উপজেলা মোড় ও ভেলানগর বাসস্ট্যান্ডের ইফতারি তৈরির বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, ইফতারি তৈরিতে নিম্নমানের পাম, সয়াবিন ও পোড়া তেল এবং পেঁয়াজু, বেগুনি, বুরিন্দা ও জিলাপিতে ব্যবহার করা হচ্ছে বসন্ত-কমলা নামের বিভিন্ন রং-জাতীয় রাসায়নিক। একজন কর্মচারী বলেন, ‘ইফতারি প্রতিদিন শেষ হয় না। আর এগুলো তৈরিতে আমরা যে তেল ব্যবহার করি, তা তো ফেলে দেওয়া সম্ভব নয়। তাই আগের দিনের পোড়া তেল ব্যবহার করতে হয়। রং ব্যবহার করলে এগুলোর সৌন্দর্য বাড়ে।’নরসিংদী বাজার লাইব্রেরি পট্টিতে মেসার্স শ্যাম সাধু ট্রেডার্স লিমিটেড নামের দোকানে প্রকাশ্যে বিক্রি করা হয় পেঁয়াজু-জিলাপিতে ব্যবহূত রং কমলা ও বাসন্তী। এ ব্যাপারে দোকানের মালিক সঞ্জিত সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা এ রং ঢাকা থেকে সরবরাহ করি। এর চাহিদা ভালো, তাই বিক্রি করি। এত ভালো-মন্দ বিচার করার সময় নেই।’জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মিজানুর রহমান বলেন, যেকোনো ধরনের রাসায়নিকই (কেমিক্যাল) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিয়মিত কয়েক দিন রাসায়নিক-মিশ্রিত খাবার খেলে কিডনি রোগ, লিভারে সমস্যা এবং যেকোনো সময় বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।জেলা প্রশাসক ওবায়দুল আজম বলেন, ‘সম্প্র্রতি নিম্নমানের ইফতারসামগ্রী তৈরির অপরাধে কানাই মিষ্টান্ন ভান্ডার ও পরিমল ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোজার মাসে অভিযোগের ভিত্তিতে আমাদের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’