নরসিংদীতে এক ও সরাইলে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে শহীদ মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ী সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির দায়ের কোপে দুজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হন। নিহত দুজন হলেন ইব্রাহীম মিয়া (৫৫) ও দুধ মিয়া (৩০)। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শিবপুর উপজেলার জাঙ্গালিয়া বাজারের ব্যবসায়ী শহীদ মিয়া রাতে বাড়ি ফেরার পথে খুন হন। ভুরভুড়িয়া গ্রামের বিল্লাল মিয়ার বাড়ির কাছে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। রাতেই এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।বিল্লাল মিয়া বলেন, ‘চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ততক্ষণে ওই ব্যবসায়ী মারা যান।’ মামলার তদন্ত কর্মকর্তা ও শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শহীদ মিয়ার স্ত্রী ঝরনা বেগম একটি হত্যা মামলা করেছেন। এদিকে সরাইলের পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের ওয়াহিদ মিয়া (৩৫) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি দা দিয়ে কুপিয়ে তাঁর সৎভাই দুধ মিয়াকে হত্যা করেছেন। পরে ওয়াহিদ বাড়ি থেকে বেরিয়ে যাকে সামনে পেয়েছেন, তাঁকেই কুপিয়ে জখম করেন। পুলিশ ও গ্রামবাসী জানান, এতে প্রতিবেশী ইব্রাহীম মিয়া, ইব্রাহীমের স্ত্রী খায়রুন নেসাসহ পাঁচজন গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে ইব্রাহীম মিয়া মারা যান। পাকশিমুল ইউপি চেয়ারম্যান মুক্তি আলী আজম জানান, ওয়াহিদ মানসিক ভারসাম্যহীন। গ্রামবাসী তাঁকে পুলিশে দিয়েছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আব্বাস উদ্দিন বলেন, গ্রামবাসীর পিটুনিতে আহত ওয়াহিদকে পুলিশের জিম্মায় চিকিৎসা দেওয়া হচ্ছে।