নরসিংদীতে এক বছরে ১৩৭ ডাকাত গ্রেপ্তার, অর্ধেকই জামিনে
নরসিংদীতে ডাকাতদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের পক্ষে রাতে ঘুমানো কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জেলায় বিশেষ অভিযান চালায়। গ্রেপ্তার করে ১৩৭ ডাকাতকে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। কারণ, গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে আবারও পুরোনো পেশাতেই ফিরে যাচ্ছে এসব অপরাধী।এই অবস্থার জন্য একদিকে পুলিশ দায়ী করছে আইনজীবীদের, অপরদিকে আইনজীবীরা দায়ী করছেন পুলিশকে।জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে অস্বাভাবিকভাবে ডাকাতি বেড়ে যাওয়ায় গত ডিসেম্বরে বিশেষ অভিযান শুরু করে জেলা পুলিশ। নরসিংদীর ছয়টি থানায় অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন আইনে দায়ের করা মামলায় অভিযুক্ত ১৩৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। কিন্তু চলতি বছর শেষে দেখা গেছে, এসব আসামির মধ্যে অনেকেই জামিনে মুক্তি পেয়ে আবার ডাকাতি শুরু করেছে। গ্রেপ্তার হওয়া ১৩৭ ডাকাতের মধ্যে ২২ জনকে গ্রেপ্তার করেছেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) গাফ্ফার মিয়া। তিনি বলেন, ‘ডাকাতি এই এলাকার অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তাই আমরা ডাকাতদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করি। এর ফলে চিহ্নিত ডাকাতদের বিশাল একটি অংশকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা এত কষ্ট করে দুর্ধর্ষ যেসব ডাকাতকে গ্রেপ্তার করি, কিছুদিন পরেই দেখা যায়, জামিনে মুক্তি পেয়ে তারা পুনরায় ডাকাতি শুরু করছে। একজন অপরাধী যদি তার অপরাধের শাস্তিই না পায়, তাহলে তো সে ওই অপরাধ করতে উৎসাহিত হবেই।’ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘বিচারকেরা হয়তো আইনের মধ্যে থেকেই এসব অপরাধীর জামিন মঞ্জুর করেন। কিন্তু তাঁদেরও সার্বিক বিষয় একটু বিবেচনা করা উচিত।’ নরসিংদী জজ আদালতের আইনজীবী কাজী নাজমুল ইসলাম বলেন, ‘বহু মামলার আসামিদের জামিনের জন্য পুলিশ তথা মামলার তদন্তকারী কর্মকর্তারাই দায়ী থাকেন। কারণ, পুলিশের দেওয়া প্রতিবেদনে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণাদি থাকে না। কোনো কোনো ক্ষেত্রে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও থাকে না। এ ক্ষেত্রে তথ্যপ্রমাণাদির অভাবে বিচারক জামিন দিতে বাধ্য থাকেন।