নরসিংদীতে একুশে মেলায় অশ্লীল নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেখানে চলছে পুতুলনাচের আয়োজন। ১০ টাকা প্রতি টিকিট। রাত ১১টার দিকে ভেতরে ঢুকে দেখা গেল, শ পাঁচেক দর্শক গাদাগাদি করে বসে আছে। এদের বেশির ভাগই তরুণ। একটু পরই দর্শকদের সামনে শুরু হলো নাচ। চটুল গানের সুরে দর্শকদের সামনে নেচে বেড়াল সংক্ষিপ্ত পোশাক পরা এক তরুণী। আধা ঘণ্টা পর যখন একই স্থানে সত্যিকারের পুতুলনাচ শুরু হলো, তখন অনেক দর্শকই সেখান থেকে বের হয়ে গেল।১ ফেব্রুয়ারি থেকে পুতুলনাচের নামে এই অশ্লীল নৃত্য চলছে নরসিংদীর একুশে মেলায়। শহরের প্রবেশমুখে মুসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম-সংলগ্ন শহীদ মিনার এলাকায় বিশাল জায়গা জুড়ে এই মেলা চলছে। মেলার আয়োজক নরসিংদী জেলা প্রশাসনের ভাষ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসটির প্রতি সম্মান জানাতে ও মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করতে জেলা প্রশাসন ফেব্রুয়ারির প্রথম দিন থেকে একুশ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়।নামে একুশে মেলা হলেও সেখানে একুশের চেতনায় উজ্জীবিত হওয়ার মতো সংস্কৃতি ও ঐতিহ্যের নিদর্শন খুঁজে পাওয়া ভার। ৩৫টি স্টলের মধ্যে বইয়ের স্টল মাত্র ১৩টি। বইয়ের স্টলগুলোতে মানসম্পন্ন বইয়ের অভাব রয়েছে। অন্যগুলো আসবাব, তৈরি পোশাক ও রকমারি পণ্যের স্টল। মেলার চারপাশে আছে ১৩টি চটপটি ও ফুচকার দোকান।শহীদ মিনারের পাদদেশে তৈরি করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ, অপর পাশে রয়েছে প্রতিদিনের লটারির ড্রয়ের জন্য একটি মঞ্চ। মেলার মাঝামাঝি স্থানে রয়েছে নাগরদোলা ও পুতুলনাচের আয়োজন। দর্শকদের মেলায় আসায় উদ্বুদ্ধ করতে শহর জুড়ে মাইকে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে, ‘মহান ভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত একুশে মেলায় আসুন। লটারি কাটুন, আর ঝুমুর ঝুমুর নাচ দেখুন। টিকিটের মূল্য মাত্র ১০ টাকা।’গত রোববার রাত নয়টার দিকে মেলায় ঢুকে নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।‘একুশে বইঘর’ নামে একটি স্টলে গিয়ে দেখা যায়, নরসিংদী বিজ্ঞান কলেজের ছাত্র মাহমুদুর রহমান, জাহিদ, রাজিব, মাসুম ও লিটন মিলে স্টলটি সাজিয়েছেন। একুশে মেলায় লটারি ও পুতুলনাচের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনের ব্যাপারে তাঁরা বলেন, ভাষার মাসকে সম্মান জানাতে বই নিয়ে মেলায় এসেছিলাম। এসে দেখলাম, আয়োজকেরা বই মেলার নাম ভাঙিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে লটারি ও পুতুলনাচের আয়োজন করেছেন।রাত ১০টার দিকে লটারির ড্র শুরু হলো। ড্র পরিচালনা করেন আয়োজকদের প্রতিনিধি শাহিন আলম। এ সময় তিনি মাঝেমধ্যেই কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করছিলেন। মেলায় লটারিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) মো. হোসাইন শওকত। তিনি বলেন, মেলায় এখন যা হচ্ছে, তা একুশের চেতনার পরিপন্থী। এ বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মুঠোফোনে যোগাযোগ করা হলে নরসিংদী জেলা প্রশাসক অমৃত বাড়ৈ প্রথম আলোকে বলেন, ‘আমি এখন সভায় আছি। তবে মেলায় একুশের চেতনার পরিপন্থী কিছু হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।’