নরসিংদীতে এবার প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীকে হত্যা
নরসিংদীতে এক মুদি ব্যবসায়ীকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার দুপুরে নরসিংদী শহরের ব্রাহ্মণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আপেল মাহমুদ (৪৫)। তিনি স্থানীয় সাহেদ স্টোর নামের একটি মুদি দোকানের মালিক। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। এর আগে গত ১ নভেম্বর শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নরসিংদী পৌরসভার তৎকালীন মেয়র লোকমান হোসেন।নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়ায় বাড়ির সামনেই আপেল মাহমুদের দোকান। গতকাল দুপুর ১২টার দিকে দুটি অটোরিকশায় করে ছয়-সাতজন লোক দোকানের সামনে এসে নামে। তারা আপেলকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। এ সময় পাশেই দাঁড়ানো ছিল আপেলের ভাতিজা আজাদ মিয়া। তিনি চাচাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তাঁকে ধাওয়া করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর লোকজন এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় আপেলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।গতকাল বিকেলে ব্রাহ্মণপাড়ায় নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা আহাজারি করছেন। আশপাশের লোকজন এসে তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে।নিহত আপেলের মেয়ে সাথী আক্তার জানান, গত ১৬ নভেম্বর তাঁর বাবার দোকানের সামনে একই এলাকার মাসুম মিয়া নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তাঁর বাবাকে হত্যা মামলায় আসামি করা না হলেও মাসুমের পরিবারের সঙ্গে তাঁদের বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে তাঁর বাবাকে হত্যা করা হতে পারে বলে তিনি জানান।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আপেলের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি আসাদুজ্জামান জানান, আগের ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কিছুদিন আগে নিহত মাসুমের ভাই মাসুদ মিয়া ও তাঁর মা নেলি বেগমকে আটক করা হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে ওসি জানান।