নরসিংদীতে কলেজ ছাত্র প্রদীপ হত্যার প্রতিবাদে মানববন্ধন
নরসিংদী সরকারি কলেজের ছাত্র প্রদীপ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার শহরে মানববন্ধন হয়েছে। সকালে শহরের উপজেলা মোড়ে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রদীপের সহপাঠীসহ নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় নিহত প্রদীপের বাবা অনুকুল দাসও উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা প্রদীপ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার অনুকুল দাসের ছেলে প্রদীপ দাস (২২) গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। শনিবার সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বেঙ্গল মাদ্রাসাসংলগ্ন মেঘনা নদীর তীর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।