নরসিংদীতে কলেজছাত্রীর লাশ উদ্ধার
নরসিংদীতে শ্রাবন্তী রায় ওরফে জুঁই (১৭) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের বাসাইল এলাকায় রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে থানার পুলিশ।নিহত জুঁই নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বড়িবাড়ী গ্রামের স্কুলশিক্ষক মৃত পরিতোষ রায়ের মেয়ে। সে কিশোরগঞ্জের ভৈরবে রফিকুল ইসলাম মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।নিহত জুঁইয়ের পরিবার ও পুলিশের দাবি, কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। কিন্তু গতকাল বুধবার কলেজে তার পরীক্ষা না থাকায় এবং বিকল্প রাস্তা দিয়ে কলেজে যাওয়ায় এই মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, জুঁই তার কলেজের ছাত্রীনিবাসে থেকে পড়াশোনা করছিল। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গত শনিবার সে গ্রামে আসে। কিন্তু ছুটির ফাঁকে ফাঁকে কলেজে একাদশ শ্রেণীর বর্ষ সমাপনী পরীক্ষা চলছে। তাই যেদিন পরীক্ষা থাকে, সেদিন বাড়ি থেকেই কলেজে যাচ্ছিল। গতকাল বুধবার জুঁই পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলে ভোর সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে বের হয়। সাতটার দিকে নরসিংদী শহরের বাসাইল এলাকায় রেললাইনের পাশে তাঁর মৃতদেহ পাওয়া যায়।জুঁইয়ের বাঁ চোখে জখম, বুকে ও বাঁ হাতে পাথরের থেতলানোর আঘাত, নাক ও কানে জমাটবাঁধা রক্ত পাওয়া যায় বলে পুলিশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় নরসিংদী রেলস্টেশনের মাস্টার নুরুল ইসলাম বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।জুঁইয়ের চাচাতো ভাই হরিষ রায় বলেন, জুঁই কলেজের উদ্দেশে সাধারণত বাড়ি থেকে হেঁটে স্থানীয় কড়ুইতলী বাজারে যায়। সেখান থেকে রিকশাযোগে চরনগরদী বাজার হয়ে ভেলানগর বাসস্ট্যান্ডে গিয়ে ভৈরবের বাসে উঠত। তার বাসাইল রেললাইন এলাকায় যাওয়ার কথা নয়।এ ছাড়া জুঁইয়ের কলেজের অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ জানান, জুঁই গত শনিবার থেকে ছুটিতে রয়েছে। আজ (বুধবার) তার বিজ্ঞান বিভাগের কোনো পরীক্ষা ছিল না। তার বিভাগের পরবর্তী পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে।