নরসিংদীতে কাজে আসেনি 'লোকমান আবেগ'
নরসিংদীর জনপ্রিয় মেয়র প্রয়াত লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত ক্ষমতাসীন দলের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন। বিজয়ী বিএনপির মনজুর এলাহীর সঙ্গে তামান্নার ভোটের ব্যবধান ১৮ হাজার ১৩০।
দলে তামান্নার কোনো পদ নেই। লোকমানের স্ত্রী—এ পরিচয়কে গুরুত্ব দিয়ে দল তাঁকে সমর্থন দেয়। উদ্দেশ্য দলীয় শক্তির পাশাপাশি লোকমান আবেগ কাজে লাগিয়ে সদর উপজেলা পরিষদে জয়লাভ। কিন্তু ক্ষমতাসীনদের এ যোগ-বিয়োগ শেষমেশ খাতা-কলমেই থেকে যায়।
ভোটের পরদিন গত মঙ্গলবার অনেককে ওই হিসাব পর্যালোচনা করতে দেখা গেছে। তাঁদের কয়েকজন বলেন, লোকমানকে নরসিংদীর শহর উন্নয়নের সংস্কারক ভাবা হয়। ২০১১ সালের ১ নভেম্বর দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করার পর পরিবারটির প্রতি মানুষের সহানুভূতি বাড়ে। পৌর মেয়রের শূন্য পদের নির্বাচনে তাঁর ছোট ভাই কামরুজ্জামানকে ২১ হাজার ৮১৩ ভোটের ব্যবধানে বিজয়ী করে সহানুভূতির প্রথম প্রমাণ দেন পৌরবাসী। মেয়র পদ ধরে রাখার পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ হতে চান লোকমান স্ত্রী। কিন্তু সফল হননি। পরে তাঁকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী করা হয়। তামান্না প্রার্থী হওয়ার পর নতুন করে লোকমান হত্যার বিচার দাবির পোস্টারে শহর প্রায় ছেয়ে যায়।
পোস্টারের ভাষা আর ছবি ছিল মর্মস্পর্শী। সহানুভূতি পেতে প্রতীক হিসেবে তামান্না বেছে নেন কাপ-পিরিচ। তাঁর স্বামী এ প্রতীক নিয়েই বিজয়ী হয়েছিলেন। অনেক ভোটার বলেন, আবেগকে নানাভাবে কাজে লাগানোর এ কৌশল এবার অনেকে ভালোভাবে নেননি। বিশেষ করে ভোটের এক সপ্তাহ আগে ‘আমি লোকমান কবর থেকে বলছি’ শিরোনামে একটি প্রচারপত্র মানুষকে চমকে দেয়।
প্রচারপত্রের কথা লোকমান নিজে বলছে—এমনটা বোঝানো হয়। তাতে প্রথমে তিনি তাঁর জানাজায় অংশ নেওয়া জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছোট ভাই কামরুজ্জামানকে মেয়র নির্বাচিত করায় অভিনন্দন জানান তিনি। তামান্নার সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে ভোট দিতে অনুরোধ করেন।
প্রচারপত্রে একটি অনুচ্ছেদে সদর আসনের সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের স্তুতি গাওয়া হয়। এতে ব্যবহার করা হয় লোকমান, তামান্না ও কাপ-পিরিচের ছবি। নিবেদক ছিলেন নরসিংদী জেলা ইসলামী পার্টির (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সপক্ষের ইসলামি রাজনৈতিক দল) আহ্বায়ক আফজাল হোসেন। আফজাল এর আগে এ প্রচারপত্র তৈরির কথা গণমাধ্যমকর্মীদের কাছে স্বীকার করেছেন। এ ছাড়া উঠান বৈঠকে তামান্না নিজের যোগ্যতা ও উদ্দেশ্য তুলে না ধরে স্বামীর সঞ্চৃতিচারণা করে অশ্রুসিক্ত হয়েছেন। ব্যাজে ব্যবহার করা হয়েছে লোকমানের মোনাজাত করার ছবি।
শহরের রং ব্যবসায়ী বাপ্পি সাহা বলেন, ‘লোকমান আমাদের আবেগের জায়গা। কিন্তু আবেগকে বিশেষ প্রয়োজনে কাজে লাগানোর এবারের চেষ্টা সহজভাবে নিতে পারেননি ভোটাররা।’ মেয়র কামরুজ্জামানের কাছ থেকে উন্নয়নবঞ্চনা ও তাঁর জনবিচ্ছিন্নতা আবেগে ভাটার টানের গুরুত্বপূর্ণ কারণ বলে অনেকে মনে করছেন। দলীয় সমন্বয়হীনতাকেও দায়ী করছেন কেউ কেউ। অনেকে বলছেন, প্রচারণায় ছাত্রলীগের নেতা-কর্মী ছাড়া আর কোনো নেতা-কর্মীর সরব উপস্থিতি ছিল না।
দলের সমন্বয়হীনতার কথা স্বীকার করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএম তালেব হোসেন বলেন, ‘তামান্নাকে প্রার্থী করে আমরা সাধারণ ভোটারদের সহানুভূতি পাওয়ার আশা করেছিলাম। কিন্তু পাইনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর টাকার কাছে সহানুভূতি ম্লান হয়ে গেছে।’
আমি লোকমান কবর থেকে বলছি—প্রচারণা সম্পর্কে তালেব হোসেন বলেন, ‘এটি লোকমান পরিবারের এক ভক্তের কাজ। অতিভক্তির ফল যে হিতে বিপরীত হতে পারে, এবার আমরা তার প্রমাণ পেলাম।’