নরসিংদীতে কারখানা শ্রমিককে ধর্ষণের দায়ে ৬ জনের ফাঁসি
নরসিংদীর পলাশ উপজেলায় এক নারী শ্রমিককে (২০) ধর্ষণের দায়ে ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পলাশ উপজেলার বাগপাড়া এলাকার আশিকুর রহমান (৩৫), ইলিয়াছ মিয়া (২১), মো. রুমিন (২০), মো. রবিন (২০), মো. ইব্রাহিম (২২) ও আবদুর রহমান (২৪)। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম ও আবদুর রহমানকে আলাদাভাবে একই মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুই লাখ টাকা করে জরিমানা এবং সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৩ মে দুপুরে পলাশ উপজেলার বাগপাড়া এলাকার ওই শ্রমিক কাজ শেষে একই এলাকায় কারখানার নিজস্ব মেসে ফিরছিলেন। তিনি জনতা পাটকলের ফটকের সামনে পৌঁছালে ওই ব্যক্তিরা তাঁকে জোর করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। পরে আশিকুর, ইলিয়াছ, রুমিন, রবিনসহ ছয়জন তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন। এর মধ্যে অন্যদের ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করেন অভিযুক্ত ইব্রাহিম ও আবদুর রহমান। ধর্ষণের পর তাঁকে আধা ঘণ্টা আটকে রাখেন তাঁরা। এ সময় কান্নাকাটি করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সূত্র জানায়, পরের দিন ওই শ্রমিক কারখানায় গিয়ে ঘটনাটি এক নারী নিরাপত্তাকর্মীকে জানান। তিনি কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক এ এস এম সাদেকুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পলাশ থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক।
বাদীপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) কানিজ ফাতেমা, এপিপি এম এন অলিউল্লাহ, নুরুজ্জামান প্রমুখ।
কানিজ ফাতেমা প্রথম আলোকে বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ইচ্ছা করলে আগামী সাত কার্যদিবসের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুসারে জেলা হাকিমকে জরিমানার অর্থ আদায় করে ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেন, যা পাবেন ধর্ষণের শিকার ওই নারী। তিনি বর্তমানে ওই কারখানাতেই কর্মরত।