নরসিংদীতে কিশোরকে গলা কেটে হত্যা
নরসিংদীতে হৃদয় মিয়া (১৪) নামের এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত রোববার রাতে জেলা শহরের ব্রাহ্মন্দী নতুন বাজারের কামাল মিয়া নামের এক ব্যক্তির ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে। কামাল মিয়াকে ফাঁসাতে তাঁর দুজন কর্মচারী মিলন মিয়া ও রিপন মিয়া ওই কিশোরকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তাঁরা পলাতক।
হৃদয় মিয়া শহরের বানিয়াছল এলাকার আবুল হোসেনের ছেলে। মিলন মিয়ার বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার কচুবুনিয়া এলাকায়। আর রিপন মিয়ার বাড়ি নরসিংদী সদর উপজেলার নজরপুর এলাকায়। এ ঘটনায় হৃদয়ের মা এশেনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ ও নতুন বাজার এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হৃদয় মিয়া স্টেশন এলাকায় একটি ভাঙারির দোকানে কাজ করত। ওই কাজের সুবাদে মিলন ও রিপনের সঙ্গে তাঁর পরিচয় ছিল। গত রোববার রাতে তাঁরা হৃদয়কে স্টেশন এলাকা থেকে নিজেদের দোকানে নিয়ে আসে। ঘণ্টা খানেক পর দোকানের শাটার বন্ধ করে মিলন ও রিপন বের হয়ে যান। এতে আশপাশের দোকানিদের সন্দেহ হয়। তাঁরা দোকানের মালিক কামাল মিয়াকে খবর দেন।
পরে কামাল এসে দোকান খুলে হৃদয়ের বস্তাবন্দী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার এবং কামালকে আটক করে নিয়ে যায়। এর আগে বিকেলে কামালের সঙ্গে বেতন নিয়ে কথা-কাটাকাটি ও ঝগড়া হয় কর্মচারী মিলন ও রিপনের। ওই সময় তাঁরা কামালকে দেখে নেওয়ার হুমকি দেন।
নতুন বাজারের একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, কামালকে ফাঁসাতে ওই দুই কর্মচারী হৃদয়কে হত্যা করেছে। হৃদয়ের মামা আবু কালাম বলেন, একটি মুঠোফোন নিয়ে হৃদয়ের সঙ্গে মিলন ও রিপনের বিরোধ চলছিল। পাশাপাশি মিলন ও রিপনের সঙ্গে কামালেরও ঝগড়া হয়েছে বলে তিনি শুনছেন।
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, ‘কী কারণে হৃদয়কে হত্যা করা হয়েছে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। হত্যার ঘটনার পর থেকে কর্মচারী মিলন ও রিপন পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।’