নরসিংদীতে কেব্ল টিভি ব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গত সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে মিন্টু সাহা নামে এক কেব্ল টিভি ব্যবসায়ী আহত হয়েছেন।মিন্টুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায়। মিন্টুর ছোট ভাই মহাদেব সাহা সাংবাদিকদের বলেন, মিন্টু নরসিংদী কেব্ল নেটওয়ার্কের কাছ থেকে সংযোগ নিয়ে শহরের বীরপুর এলাকায় ব্যবসা করছেন। এক সপ্তাহ আগে বন্ধু টুটুল ও বাদশার সঙ্গে তাঁর ঝগড়া হয়। গত সোমবার রাত ১১টার দিকে মিন্টু বাড়িতে ফিরছিলেন। নরসিংদী সরকারি কলেজসংলগ্ন শহরের শিক্ষা চত্বর এলাকায় পৌঁছানোর পর টুটুল, বাদশাসহ ছয়-সাতজন সন্ত্রাসী মিন্টুর পেটে ও কোমরে দুটি গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে আত্মীয়স্বজন মিন্টুকে উদ্ধার করে প্রথমে নরসিংদী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, টুটুল ও বাদশা কী কারণে মিন্টুকে গুলি করেছে, তা স্পষ্ট নয়।