নরসিংদীতে খতনা করতে ১০ শিশুকে সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও এনভয় গ্রুপের সহযোগিতায় ১০ দুস্থ শিশুর খতনা করানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এলাকায় ট্রাস্টের নরসিংদী প্রকল্পের কার্যালয় সাউদ স্মৃতি সদনে এ সেবা দেওয়া হয়।
প্রথম আলো ট্রাস্টের নরসিংদী প্রকল্পের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দুস্থ পরিবারের ১০ শিশুর সুন্নতে খতনা করানো হয়। এ সময় ওই শিশুদের প্রত্যেককে একটি করে লুঙ্গি, গেঞ্জি, ক্রিকেট ব্যাট ও বল এবং ওষুধসামগ্রী দেওয়া হয়।
বীরকান্দি এলাকার মোহাজিম মিয়া বলেন, ‘আমার পুলা রিয়াদের ৯ বছর হইয়া গেছে। টেহার অভাবে মুসলমানি (খতনা) করাইতে পারতাছিলাম না। পরে হুনলাম এইহানে (ট্রাস্টের নরসিংদী প্রকল্পের কার্যালয়) করাইব। এহন ওষুধপত্রসহ কাপড়চোপড়ও দিয়া দিছে। এই জিনিসটা আমগো এলাকার গরিব মানুষের লাইগা অনেক ভালো হইব।’