নরসিংদীতে গণপিটুনিতে তিন ডাকাত নিহত
নরসিংদীর সদর উপজেলার বাদুয়ারচর পূর্ব কান্দাপাড়া গ্রামে সোমবার দিবাগত রাতে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছেন। তাঁরা হলেন: রায়পুরা উপজেলার করিমগঞ্জ গ্রামের জলিল মিয়া (৩০), খোলাপাড়া গ্রামের আনোয়ার হোসেন (২৮) ও শিবপুর উপজেলার সাধারচর গ্রামের নূরা মিয়া (২৬)।এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই দিন রাত তিনটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত বাদুয়ারচর পূর্ব কান্দাপাড়া গ্রামের আবদুর রশিদ খানের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিমিঞ্চ করে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নেয়। পরে তারা নৌকাযোগে পালানোর চেষ্টা করে। এ সময় রশিদ খানের ছেলে শরীফ খান গ্রামবাসীকে নিয়ে ডাকাতদের ধাওয়া করে তিনজনকে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত গ্রামবাসী ওই তিন ডাকাতকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসাপাতালের মর্গে পাঠায়। গতকাল মঙ্গলবার পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নরসিংদী সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় আবদুর রশীদ খান বাদী হয়ে একটি মামলা করেছেন।