নরসিংদীতে গৃহবধূকে হত্যার অভিযোগে ননদ ও শাশুড়ি গ্রেপ্তার
নরসিংদীতে দীপা বেগম (২৪) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে ননদ সুমী বেগম (২০) ও শাশুড়ি বানিজা বেগমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার জেলার মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দের গাঁও গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত ১৭ আগস্ট সৈয়দের গাঁও গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দীপার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দীপার পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা না দেওয়ায় শ্বশুরবাড়ির লোকজন দীপাকে নির্যাতনের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। পুলিশ জানায়, মৃতদেহের সুরুতহাল প্রতিবেদন তৈরি করতে গিয়ে দীপার গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, দীপাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়ার পর সোমবার সকালে দীপার ভাই মো. রাব্বি মনোহরদী থানায় স্বামী রফিকুল ইসলামকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন শ্বশুর আবদুল হক, শাশুড়ি বানিজা বেগম, দেবর বাবুল মিয়া ও ননদ সুমী বেগম।