নরসিংদীতে চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নে চর দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযুদ্ধে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন। গত শনিবার চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মনসুর সরকার ও মুসলেম মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহত ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৪০)। তিনি মুসলেম মিয়ার সমর্থক।এ ঘটনায় গতকাল রোববার সকালে মুসলেম মিয়া বাদী হয়ে ৪৬ জনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মনসুর সরকার, তাঁর সহযোগী শওকত আলী, আবুল হোসেন, কালা ভূঁইয়া, লতিফ মিয়া ও আবুল মিয়াকে। চরের বাসিন্দারা জানান, চর দখল করা নিয়ে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মনসুর সরকারের নেতৃত্বে স্থানীয় শওকত আলী ও কালা ভূঁইয়াকে নিয়ে চরে একটি পক্ষ তৈরি হয়েছে। অপরদিকে স্থানীয় রশিদ মিয়া ও আক্কাছ আলীকে নিয়ে আরেকটি পক্ষ তৈরি করে মুসলিম মিয়া। এই দুই পক্ষের মধ্যে ছয় মাসের ব্যবধানে একাধিকবার সংঘর্ষ হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটায় দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এ সময় চেয়ারম্যান সমর্থকেরা টেঁটা হাতে মুসলিম মিয়ার বাড়ির দিকে এগিয়ে আসে। এই দৃশ্য দেখে মুসলিম মিয়ার লোকজন টেটাঁ নিয়ে প্রতিহত করতে গেলে সংঘর্ষ বেধে যায়। এ সময় মুসলেম সমর্থক চরদিঘলদী গ্রামের আক্কাছ মিয়ার ছেলে বাচ্চু মিয়া টেটাঁবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। টেঁটাবিদ্ধ মুসলেম মিয়া সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বলেন, চরে দেড় হাজার একর জমি আছে। চেয়ারম্যানের লোকজন এই জমি এককভাবে দখলে নিতে বিশাল বাহিনী গড়ে তোলেন। চর দখলের প্রতিবাদ করায় কিছু দিন আগে তাঁর লোকজন তাদের বংশের লোকজনের ওপর হামলা চালিয়ে ৪৮াট ঘর ভাঙচুর করে এবং ১০ থেকে ১২ জনকে আহত করে। ওই ঘটনার ক্ষতি পুষিয়ে ওঠার আগেই আজ আবার টেটাঁ নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে একজনকে হত্যা করে। অপরদিকে চরদিঘলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মনসুর সরকার প্রতিপক্ষের বংশের লোকজনের সঙ্গে তাদের প্রায় ৮০ বছরের বিরোধের কথা উল্লেখ করে বলেন, শনিবারের ঘটনার সঙ্গে তার কোন সম্পর্ক নেই। বিরোধ এড়াতে তিনি চেয়ারম্যান হওয়ার পরও চরে কম যান। তিনি থাকেন নরসিংদী শহরে।নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক ফজলুল হক প্রথম আলোকে বলেন, পরবর্তী যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চরে পুলিশ মোতায়েন করা হয়েছে।