নরসিংদীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই শিশু ও এক নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গতকাল রোববার নরসিংদী রেলস্টেশনের কাছে এক নারী ও শিশু এবং রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের কাছে আরেক শিশু নিহত হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।ভৈরব রেলওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে নরসিংদী স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে নামার সময় ৩০-৩৫ বছর বয়সী এক নারী এবং আট-দশ বছরের একটি ছেলে ট্রেনের বগির সঙ্গে ধাক্কা খায়। দুজনের মাথায় গুরুতর আঘাত লগে। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর আহত নারীর মৃত্যু হয়। একই দিন মেথিকান্দা স্টেশনের আউটার সিগন্যাল পয়েন্টের কাছে চলন্ত ট্রেন থেকে নামার সময় ১২-১৩ বছরের একটি ছেলে ট্রেনের নিচে কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নরসিংদী রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) চম্পক চক্রবর্তী জানান, তাঁদের ধারণা যে নরসিংদী স্টেশনের কাছে দুর্ঘটনায় নিহত দুজন মা ও ছেলে হতে পারে। নিহত নারী বোরকা পরিহিত ছিলেন। শিশুটির পরনে ছিল হাফপ্যান্ট। ভৈরব রেলওয়ে থানার এএসআই সিদ্দিকুর রহমান জানান, মেথিকান্দায় নিহত শিশুটি হাত-পা কাটা ও মাথা থেতলানো অবস্থায় লাইনের ওপর পড়ে ছিল।